প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০৩
কচুয়ায় চুরির অভিযোগে যুবক গণপিটুনিতে নিহত

কচুয়ায় মাছের প্রজেক্টের পানির মোটর চুরির অভিযোগে সাকির হোসেন (৪০) নামের এক যুবককে গণপিটুনিতে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬) রাত ৯টার দিকে উপজেলার পালাখাল মডেল ইউনিয়নের দোয়াটি উঁচু ব্রিজের দক্ষিণ পাশের দোয়াটি গ্রামের বিকাশের মাছের প্রজেক্টে এই ঘটনা ঘটে। এই ঘটনায় নিহতের স্ত্রী রোজিনা আক্তার বাদী হয়ে বিকাশসহ ১০ জনকে বিবাদী করে কচুয়া থানায় একটি মামলা দায়ের করেন।
|আরো খবর
নিহত সাকির হোসেন ওই উপজেলার দোয়াটি গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। এই ঘটনায় জড়িত সন্দেহে মাছের প্রজেক্টের মালিক ও কেয়ারটেকার সোহরাব মিয়াকে আটক করেছে থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দোয়াটি গ্রামের বিকাশের মাছের প্রজেক্ট থেকে পানির মোটর চুরির অভিযোগে শুক্রবার রাতে সাকির হোসেনকে আটক করে স্থানীয়রা। এ সময় ২০/২৫ জন ব্যক্তি উত্তেজিত হয়ে তাকে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে ওই প্রজেক্টেই ফেলে রেখে পুলিশে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ও স্থানীয়রা সাকিরকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।নিহতের পরিবার নৃশংস ঘটনার সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
এ বিষয়ে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন জানান, নিহতের স্ত্রী রোজিনা বাদী হয়ে কচুয়া থানায় একটি মামলা দায়ের করেছেন । মামলাটি তদন্তাধীন রয়েছে। নিহত সাকিরের লাশ ময়না তদন্তের জন্যে চাঁদপুরের মর্গে প্রেরণ করা হয়েছে।








