প্রকাশ : ১৭ মে ২০২৬, ১৮:১৯
ঘরে বসেই আল-আযহার ইউনিভার্সিটিতে অনার্স করার সুবর্ণ সুযোগ।। অনলাইন কার্যক্রম চালু

Al-Azhar University-এর অধীন 'Faculty of Islamic and Arabic Studies for Overseas Students' আনুষ্ঠানিকভাবে অনলাইন অনার্স কার্যক্রম চালু করেছে।যার ফলে বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীরা এখন ঘরে বসেই আল-আযহার ইউনিভার্সিটিতে ইসলামিক বিষয়সমূহে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে।
বিশ্ববিখ্যাত ইসলামী বিদ্যাপীঠ, কা'বাতুল ইলম খ্যাত Al-Azhar University-এর এই নতুন উদ্যোগকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্যে এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে যেসব শিক্ষার্থী আর্থিক, পারিবারিক ও ভিসাজনিত কারণে মিশরে এসে সরাসরি অধ্যয়ন করতে পারেন না, তাদের জন্যে এটি স্বপ্নপূরণের দ্বার হিসেবে উন্মোচিত হয়েছে। শিক্ষার্থীরা বিশ্বের যে কোনো দেশ থেকে অনলাইনের মাধ্যমে ইসলামিক সাবজেক্টে অনার্স সম্পন্ন করতে পারবেন এবং কোর্স শেষে Al-Azhar University কর্তৃক স্বীকৃত সার্টিফিকেট প্রদান করা হবে।
এ বিষয়ে বক্তব্য প্রদান করেন অত্র ফ্যাকাল্টির সম্মানিত ডিন ড. নাহলা চঈদী হাফিযাহাল্লাহ, যিনি একই সঙ্গে ইমামুল আকবার শাইখুল আযহারের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি বলেন,
আমরা শিক্ষার্থীদের জন্যে আল-আযহারে অধ্যয়নের পথকে আরও সহজ ও যুগোপযোগী করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে এমন একটি অনলাইন শিক্ষা ব্যবস্থা চালু করা হয়েছে, যার মাধ্যমে পৃথিবীর যে কোনো দেশ থেকে অনার্স সম্পন্ন করা সম্ভব। শিক্ষার্থীরা চাইলে প্রথম দু বছর অনলাইনে এবং পরবর্তী দু বছর অফলাইনে পড়তে পারবে। আবার প্রথম দু বছর অফলাইন ও পরবর্তী দু বছর অনলাইনেও সম্পন্ন করার সুযোগ রয়েছে। পাশাপাশি সম্পূর্ণ চার বছর অনলাইনে অনার্স সম্পন্ন করার ব্যবস্থাও রাখা হয়েছে।
বিশেষ করে বাংলাদেশী শিক্ষার্থীদের জন্যে এ উদ্যোগ অত্যন্ত ফলপ্রসূ হবে। আলিয়া মাদ্রাসা থেকে আলিম অথবা সমমানের স্বীকৃত যে কোনো প্রতিষ্ঠানের সনদধারীরা সহজেই আবেদন ও ভর্তি হতে পারবে। তাই বলা যায়, এই অনলাইন কার্যক্রম আন্তর্জাতিক পর্যায়ে ইসলামী শিক্ষার প্রসারে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং বিশ্বের বিভিন্ন দেশের শিক্ষার্থীদের সাথে Al-Azhar University-এর সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।







