মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০৯:৪২

চাঁদপুরের ক্রীড়াঙ্গনে নতুন প্রাণ সঞ্চারের প্রত্যয় জসীমউদ্দীন খান বাবুলের

পরিকল্পনায় তৃণমূলের সম্পৃক্ততা, নিয়মিত লিগ-টুর্নামেন্ট আয়োজন ও স্বচ্ছ নেতৃত্ব প্রতিষ্ঠা

মো. মিজানুর রহমান
চাঁদপুরের ক্রীড়াঙ্গনে নতুন প্রাণ সঞ্চারের প্রত্যয় জসীমউদ্দীন খান বাবুলের

একটি জেলার ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে প্রয়োজন দূরদর্শী পরিকল্পনা, সাংগঠনিক দক্ষতা, ক্রীড়ার প্রতি নিবেদন এবং সম্মিলিত উদ্যোগ। দীর্ঘদিনের অভিজ্ঞতা ও ক্রীড়াঙ্গনের সঙ্গে নিবিড় সম্পৃক্ততাকে পুঁজি করে চাঁদপুরের খেলাধুলায় নতুন গতি সঞ্চারের প্রত্যয় ব্যক্ত করেছেন ক্রীড়া সংগঠক জসীমউদ্দীন খান বাবুল। চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পাওয়ার পর তিনি জেলার ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল, প্রাণবন্ত ও সংগঠিত করার পরিকল্পনা তুলে ধরেছেন। তৃণমূল পর্যায়ে খেলাধুলার প্রসার, নিয়মিত লিগ ও টুর্নামেন্ট আয়োজন, ক্লাবগুলোর সক্রিয় অংশগ্রহণ এবং একটি স্বচ্ছ ও পূর্ণাঙ্গ কমিটি গঠন—এসব উদ্যোগের মধ্য দিয়ে চাঁদপুরের ক্রীড়াঙ্গনের হারানো গৌরব ফিরিয়ে আনতে চান তিনি।

চাঁদপুর-৩ (চাঁদপুর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক এবং জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা সেলিমের সুপারিশক্রমে তিনি এ দায়িত্ব লাভ করেন। দায়িত্ব পাওয়ার পর থেকেই স্থানীয় ক্রীড়াঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা ও আগ্রহ তৈরি হয়েছে। নিজের দীর্ঘদিনের ক্রীড়াসংশ্লিষ্ট অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জেলার খেলাধুলার উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যাশা করছেন তিনি।

দায়িত্ব পাওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে জসীমউদ্দীন খান বাবুল বলেন, “আমি জেলা ক্রীড়া সংস্থার আগের কমিটির সহ-সভাপতি ছিলাম। কখনো ভাবিনি এই দায়িত্ব পাবো। তবে ছোটবেলা থেকেই ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলার সঙ্গে জড়িত ছিলাম। চাঁদপুরে নিজে ফুটবল খেলেছি, প্রথম বিভাগ লিগে অংশ নিয়েছি এবং জেলার বাইরেও বিভিন্ন টুর্নামেন্টে খেলেছি।”

তিনি জানান, প্রায় ৪০ বছর ধরে চাঁদপুর শহরের পুরাণবাজার নিতাইগঞ্জ ক্রীড়া চক্রের প্রতিষ্ঠাতা ও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। খেলাধুলার পাশাপাশি সংগীত ও নাট্যাঙ্গনেও রয়েছে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা। তিনি একসময় একজন সংগীতশিল্পী ও নাট্যশিল্পী ছিলেন। ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনে দীর্ঘ পথচলার অভিজ্ঞতা নতুন দায়িত্ব পালনে সহায়ক হবে বলে তিনি মনে করেন।

ক্রীড়াঙ্গন এগিয়ে নিতে পরিকল্পনা ও কর্মপরিকল্পনা

চাঁদপুরের ক্রীড়াঙ্গনকে নতুনভাবে সাজানো এবং তৃণমূল পর্যায় থেকে খেলাধুলার পরিবেশ শক্তিশালী করার লক্ষ্যে কয়েকটি পরিকল্পনার কথা জানিয়েছেন জসীমউদ্দীন খান বাবুল। তাঁর পরিকল্পনায় রয়েছে—

তৃণমূল পর্যায় থেকে ক্লাবগুলোর সম্পৃক্ততা : জেলার ১৫টি উপজেলা, থানা ও পৌরসভা পর্যায়ের ক্রীড়া সংগঠন এবং ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলায় নিয়মিত অংশ নেওয়া ক্লাবগুলোকে জেলা ক্রীড়া সংস্থার কার্যক্রমে সম্পৃক্ত করা হবে। এর মাধ্যমে জেলার সর্বস্তরে খেলাধুলার চর্চা ও অংশগ্রহণ বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে। এক্ষেত্রে জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসকের উদ্যোগ এবং আন্তরিকতা বেশি থাকতে হবে; তাহলেই আমাদের স্থানীয় ক্রীড়াঙ্গন সফল হবে।

নিয়মিত লিগ ও টুর্নামেন্ট আয়োজন : ফুটবল ও ক্রিকেট লিগের পাশাপাশি বিভিন্ন টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে ব্যাডমিন্টন, হাডুডু, দাবা, ভলিবল, সাঁতার এবং গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলাসহ অন্যান্য জনপ্রিয় খেলার নিয়মিত আয়োজনের মাধ্যমে ক্রীড়াঙ্গনকে বছরজুড়ে সক্রিয় রাখার উদ্যোগ নেওয়া হবে।

মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে খেলাধুলা : তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলাকে কার্যকর সামাজিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চান তিনি। তাঁর মতে, প্রধানমন্ত্রী তারেক রহমান সারা বাংলাদেশে ক্রীড়াঙ্গনকে উজ্জীবিত রাখতে চান, যাতে কিশোর, তরুণ ও যুবসমাজ মাদকসহ অন্যান্য অপকর্ম বা অপরাধে সম্পৃক্ত হতে না পারে। যুবসমাজকে নিয়মিত খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করা গেলে তাদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি ইতিবাচক সামাজিক পরিবেশ গড়ে তোলা সম্ভব।

স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন : অ্যাডহক কমিটির নির্ধারিত মেয়াদের মধ্যে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করে একটি সুন্দর ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে জেলা ক্রীড়া সংস্থার পূর্ণাঙ্গ কমিটি গঠনের পরিকল্পনা রয়েছে। এক্ষেত্রে জেলা ক্রীড়া সংস্থার সভাপতির সঙ্গে সমন্বয় সাধন করার মতো যোগ্য, নম্র ও ভদ্র এবং ক্রীড়াঙ্গনের ক্লাবগুলোর সঙ্গে যার সুসম্পর্ক রয়েছে—ঠিক এমন একজন ব্যক্তিরই জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হওয়া উচিত। জেলা ও উপজেলা পর্যায়ের প্রকৃত ক্রীড়ামোদী, ক্লাব প্রতিনিধি এবং অভিজ্ঞ ও দক্ষ সংগঠকদের যথাযথ মূল্যায়নের ওপর গুরুত্ব দেওয়া হবে।

আন্তর্জাতিক মানের ক্রীড়া প্রতিযোগিতায় এগিয়ে যাওয়া : চাঁদপুরের খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করার পাশাপাশি আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় অংশগ্রহণের উপযোগী করে গড়ে তোলার সুদূরপ্রসারী পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি। এ লক্ষ্য বাস্তবায়নে খেলোয়াড় তৈরি, প্রতিভা অন্বেষণ এবং নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রমের গুরুত্ব রয়েছে বলে মনে করেন তিনি।

সবার সহযোগিতায় শক্তিশালী ক্রীড়া সংস্থা গড়ার প্রত্যাশা

জেলা ক্রীড়া সংস্থার কার্যক্রমকে সফল ও গতিশীল করতে ক্রীড়াপ্রেমী মানুষ, খেলোয়াড়, ক্লাবসমূহের কর্মকর্তা এবং জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেছেন জসীমউদ্দীন খান বাবুল।

তিনি বলেন, “ক্রীড়াপ্রেমী মানুষ এবং জেলা প্রশাসকসহ সবার সঙ্গে সমন্বয় করে আমরা একটি সুন্দর ও শক্তিশালী ক্রীড়া সংস্থা উপহার দিতে চাই। আমাদের লক্ষ্য একটাই—চাঁদপুরের ক্রীড়াঙ্গনকে আগের মতো জমজমাট ও গৌরবোজ্জ্বল করা।”

জসীমউদ্দীন খান বাবুলের প্রত্যাশা, সম্মিলিত উদ্যোগ, পরিকল্পিত কার্যক্রম এবং সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতায় চাঁদপুরের ক্রীড়াঙ্গনে আবারও প্রাণচাঞ্চল্য ফিরে আসবে। নিয়মিত খেলাধুলার আয়োজন, নতুন খেলোয়াড় তৈরি এবং দক্ষ সংগঠকদের সম্পৃক্ত করার মধ্য দিয়ে চাঁদপুরকে দেশের অন্যতম ক্রীড়াসমৃদ্ধ জেলা হিসেবে গড়ে তোলার যে প্রত্যয় তিনি ব্যক্ত করেছেন, খেলাধুলার সকল বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের সদরের মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিকের সম্পৃক্ততাও তিনি কামনা করেন।

সংক্ষিপ্ত পরিচিতি

জসীমউদ্দীন খান বাবুল চাঁদপুর শহরের পুরাণবাজারের নিতাইগঞ্জ তাহেরা মঞ্জিলে ১৯৫৮ সালে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আব্দুর রশিদ খান এবং মাতা তাহেরা বেগম। তাঁর পিতা পুরাণবাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী ছিলেন। তাঁর পিতার আদি নিবাস চাঁদপুর শহরের পূর্ব প্রান্তের শিলন্দিয়া গ্রামের (বর্তমান পৌর ১৪ নং ওয়ার্ড) খান বাড়ি হলেও তাঁরা বর্তমানে পুরাণবাজারের নিতাইগঞ্জ সড়কে স্থায়ীভাবে বসবাস করেন। একটি ক্রীড়াবান্ধব পরিবারে জসীমউদ্দীন খানের বেড়ে ওঠা। তিনি শৈশব থেকেই বিভিন্ন ধরনের ক্রীড়াচর্চায় নিজেকে সম্পৃক্ত করেন এবং সেই সাথে নিজেকে দক্ষ সংগঠক হিসেবে গড়ে তোলেন। তিনি জেলার অন্যতম বিখ্যাত নাট্য সংগঠন অনুপম নাট্যগোষ্ঠী ও নিতাইগঞ্জ ক্রীড়া চক্রের সভাপতি হিসেবে নিজের সাংগঠনিক দক্ষতা প্রমাণ করেন। তিনি শুধু একজন ক্রীড়াবিদই নন, নিজেকে একজন কণ্ঠশিল্পী ও নাট্যাভিনেতা হিসেবেও গড়ে তুলেছেন। জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার (জাসাস) উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চাঁদপুর আগমনে চাঁদপুর স্টেডিয়ামের জনসভায় যতবার সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়েছে, তাতে তিনি নিজ হাতে হারমোনিয়াম বাজিয়ে গান গেয়েছেন।

জসীমউদ্দীন খান বাবুল একজন তুখোড় রাজনীতিবিদ। তিনি জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন। বর্তমানে চাঁদপুর জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি পদে আছেন। তিনি ফ্যাসিবাদী সরকারের সময়ে রাজনৈতিক কারণে বহু মামলার আসামি হয়েছেন এবং কারা নির্যাতন ভোগ করেছেন।

জসীমউদ্দীন খান বাবুলের আরেকটি পরিচয় রয়েছে ব্যবসায়ী হিসেবে। পুরাণবাজারে তাঁদের নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তিনি চাঁদপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কার্যকরী পরিষদের সদস্য ছিলেন।

পারিবারিক জীবনে তিনি দু সন্তানের পিতা। তাঁর বড় ছেলে তানভীর হাসান রসি ও ছোট ছেলে রাশেদুল হোসাইন খান। দুই ছেলেই নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক সম্পন্ন করেছেন। তাঁর স্ত্রী হাসিনা সুলতানা একজন সুগৃহিণী। তাঁর ছোট ভাই বোরহান উদ্দিন খান দেশের একজন নামকরা ফুটবলার ছিলেন। সুযোগ পেলে এখনো তিনি সোনালী অতীত ক্লাবের হয়ে তাঁর ক্রীড়াশৈলী প্রদর্শন করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়