মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০৯:৩১

কাতার জাতীয় ক্রিকেট দলের হয়ে শ্রীলঙ্কা সফরে কচুয়ার মকবুল

চৌধুরী ইয়াসিন ইকরাম
কাতার জাতীয় ক্রিকেট দলের হয়ে শ্রীলঙ্কা সফরে কচুয়ার মকবুল

কাতার জাতীয় ক্রিকেট দলের হয়ে দ্বি-পাক্ষিক সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে গেছেন কাতারপ্রবাসী দুই বাংলাদেশী ক্রিকেটার। এর মধ্যে রয়েছেন কচুয়া উপজেলার মকবুল। সিরিজটিতে কাতারের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ‘এ’ (ইমার্জিং) দল। এটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক সিরিজ না হলেও বরং দু দলের মধ্যকার একটি দ্বি-পাক্ষিক প্রতিযোগিতা।

সফরকারী দু ক্রিকেটার হলেন লক্ষ্মীপুর জেলার মোহাম্মদ ফয়সাল হোসাইন এবং চাঁদপুর জেলার কচুয়া উপজেলা মকবুল আহমেদ। মকবুল কাতারে দীর্ঘদিন ধরে চাকরি করছেন, পাশাপাশি ক্রিকেট খেলার সাথে জড়িয়ে পড়েন।

কাতারের ঘরোয়া ক্রিকেটে টাইটানস ক্রিকেট ক্লাবের হয়ে ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ফয়সাল ও মকবুল বাংলাদেশী হয়েও কাতার জাতীয় দলে জায়গা পেয়েছেন এবং শ্রীলঙ্কা সফরে অংশ নিচ্ছেন।

কাতার জাতীয় দলের জার্সিতে দু বাংলাদেশী ক্রিকেটারের এই সফর কাতারে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির জন্যে যেমন গর্বের, তেমনি বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্যেও আনন্দের খবর। তাদের সফর ও স্মরণীয় শ্রীলঙ্কা সফরের জন্যে আন্তরিক শুভ কামনা জানানো হয়।

কাতারের ক্রীড়া সাংবাদিক মো. নাহিদ ইসলামের সূত্রে জানা যায়, ফয়সাল ও মকবুল দুজন প্রবাসী। দুজনই ক্রিকেট খেলার সাথে জড়িত রয়েছেন এবং দুজনে চট্টগ্রাম বিভাগের ক্রিকেটার।

মকবুলের নিজ বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ১০নং উত্তর গোহট ইউনিয়নের বড় তুলাগাঁও গ্রামে। তার বাবার নাম মিলন মিয়া ও মায়ের নাম ফরিদা বেগম। এক ভাই ও এক বোনের পরিবার তাদের। তিনি চাঁদপুরে একসময় নিয়মিত ক্রিকেট খেলতেন। চাঁদপুর জেলা ক্রিকেট দলের হয়ে অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দলে তিনি খেলেছেন। ভালো পারফরমেন্সের জন্যে তিনি চট্টগ্রাম বিভাগীয় অনূর্ধ্ব-১৮ দলের ক্রিকেটে সুযোগ পেয়েছিলেন। চলতি বছরের শুরুর দিকে তিনি বেশ ক’দিন চাঁদপুর স্টেডিয়ামে অনুশীলন করেছেন।

চাঁদপুর জেলার প্রধান ক্রিকেট কোচ শামীম ফারুকীর সাথে রোববার (৫ জুলাই ২০২৬) দুপুরে এ প্রতিবেদকের আলাপকালে তিনি বলেন, মকবুল ক্লেমন চাঁদপুর ক্রিকেট একাডেমীর ছাত্র ছিলেন। ও আমার অধীনে চট্টগ্রাম বিভাগীয় অনূর্ধ্ব-১৮ ক্রিকেট দলে খেলেছেন। আমি সেই দলের কোচের দায়িত্বে ছিলাম। চাঁদপুর জেলা দলে খেলেছেন। তিন মাস আগেও যখন চাঁদপুর এসেছিলেন তখন আউটার স্টেডিয়ামে খেলা প্র্যাকটিসের জায়গা না থাকাতে পলাশ কুমারের সাথে গিয়ে অনুশীলন করেছেন। ও একজন ভালো ক্রিকেটার। আশা করি ভবিষ্যতে ও ভালো কিছু করবে। আমাদের গর্ব হচ্ছে যে, চাঁদপুরের ক্রিকেটার হিসেবে কাতারের মতো দলের হয়ে শ্রীলঙ্কা সফরে গিয়েছে ক্রিকেট খেলতে।

ক্রিকেট কোচ পলাশ কুমার সোমের সাথে এই প্রতিবেদকের মুঠোফোনে আলাপ হলে তিনি বলেন, ক্রিকেটার মকবুল ডানহাতি ব্যাটসম্যান ও ডানহাতি বোলার। অলরাউন্ডার ক্রিকেটার হিসেবে তার পরিচিতি রয়েছে। চাঁদপুরে আসার পর আমার সাথে চাঁদপুর স্টেডিয়ামে বেশ ক’দিন নেটে অনুশীলন করেছে। খুব ভালো লাগছে, যাকে অনুশীলন করিয়েছি সেই ক্রিকেটার কাতার জাতীয় ক্রিকেট দলের হয়ে চাঁদপুরের ছেলে হিসেবে শ্রীলঙ্কা সফরে গিয়েছে। ওর জন্যে শুভ কামনা রইলো, আশীর্বাদ রইল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়