মঙ্গলবার, ০৭ জুলাই, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০৯:২৮

শিক্ষা শান্তি ক্রীড়া ও প্রগতির পতাকাবাহী একুশে সংসদ

২৬ বছরের সমাজসেবা, মানবতার বন্ধনে আলোকিত বাবুরহাট

আব্দুল্লাহ আল মামুন
২৬ বছরের সমাজসেবা, মানবতার বন্ধনে আলোকিত বাবুরহাট

চাঁদপুর সদর উপজেলার বাবুরহাটের ঐতিহ্যবাহী সামাজিক ও ক্রীড়া সংগঠন একুশে সংসদ প্রতিষ্ঠার পর থেকে টানা ২৬ বছর ধরে মানবসেবা, ক্রীড়া উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং সামাজিক সচেতনতা সৃষ্টির মাধ্যমে এলাকার উন্নয়নে অনন্য অবদান রেখে চলেছে। ২০০০ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি ‘শিক্ষা, শান্তি, ক্রীড়া ও প্রগতি’Ñএই চারটি মূল আদর্শকে ধারণ করে প্রজন্মের পর প্রজন্ম ধরে মানবিক মূল্যবোধ, সামাজিক দায়িত্ববোধ এবং সুস্থ ক্রীড়া ও সংস্কৃতির চর্চা গড়ে তুলতে নিরলসভাবে কাজ করছে।

সংগঠনের প্রকাশিত লিফলেট ও কার্যক্রম পর্যালোচনায় দেখা যায়, একুশে সংসদের মূল লক্ষ্য হলো সমাজের সকল স্তরের মানুষের কল্যাণ সাধন এবং একটি সর্বজনীন কল্যাণধর্মী সমাজ প্রতিষ্ঠা করা। প্রতিষ্ঠার শুরু থেকেই সংগঠনটি ক্রীড়া, সংস্কৃতি ও সমাজসেবার সমন্বয়ে এলাকার তরুণদের জন্যে একটি ইতিবাচক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে আসছে।

মানবতার সেবায় একুশে সংসদ

দুর্যোগ-দুর্বিপাকে অসহায় মানুষের পাশে দাঁড়ানো একুশে সংসদের অন্যতম বৈশিষ্ট্য। যে কোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে খাদ্য ও ত্রাণসামগ্রী বিতরণ, দরিদ্র পরিবারের সহায়তা, গৃহহীনদের জন্যে টিন প্রদান, রিকশা বিতরণ, সেলাই মেশিন প্রদান এবং আর্থিক সহযোগিতাসহ নানা মানবিক কর্মসূচি বাস্তবায়ন করেছে সংগঠনটি। শুধু তাই নয়, এতিম ও দুঃস্থ শিক্ষার্থীদের শিক্ষাজীবন চালিয়ে নিতে আর্থিক সহায়তা প্রদান, সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা, পরিবেশ সংরক্ষণে বৃক্ষরোপণ কর্মসূচি এবং সমাজে মানবিক মূল্যবোধ জাগ্রত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে একুশে সংসদ।

মাদক ও কিশোর অপরাধ প্রতিরোধে কার্যকর ভূমিকা

বর্তমান সময়ে যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক ব্যাধি থেকে দূরে রাখতে একুশে সংসদ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। সংগঠনটি নিয়মিত জনসচেতনতা সৃষ্টি, সামাজিক প্রচারণা এবং ক্রীড়াচর্চার মাধ্যমে তরুণদের সুস্থ বিনোদন ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখার চেষ্টা করছে।

ক্রীড়াঙ্গনে নতুন জাগরণ

দীর্ঘদিন ধরে বাবুরহাট অঞ্চলে বড়ো পরিসরের ক্রীড়া আয়োজনের ঘাটতি ছিলো। সেই শূন্যতা পূরণে বাংলা নববর্ষের প্রথম দিন ১৪ এপ্রিল ২০২৬ থেকে একুশে সংসদ প্রথমবারের মতো আয়োজন করে ‘ফ্রিজ কাপ মিনি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’।

বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে জেলার বিভিন্ন এলাকার মোট ২০টি দল অংশগ্রহণ করেছে। চারটি গ্রুপে বিভক্ত দলগুলো প্রতিদিন বিকেলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে অংশ নিয়ে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি করেছে।

অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে রয়েছেÑএকুশে ক্লাব, শিমুল ছায়া, বাবুরহাট বন্ধু মহল, আশিকাটি রাইজিং স্টার, ইয়াং ইউনিট, রুপালি গিটার, মা খেলাঘর, মঠখোলা একাদশ, বাবুরহাট আদর্শ সামাজিক সংগঠন, বিএম, বাবুরহাট ইয়াং স্টার, আমানুল্লাহপুর সেভেন কিং, ম্যাগনেট, শিলন্দিয়া ভাই বন্ধু একাদশ, দাসাদী অগ্নিশিখা, এসএসসি ২০১৭ বন্ধু পরিবার, বেকাপ এফসি, ভাই বন্ধু এবং দক্ষিণ দাসাদী যুবসমাজ।

প্রায় দেড় মাসব্যাপী এই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার-আপ দলের জন্যে আকর্ষণীয় পুরস্কার হিসেবে ফ্রিজ ঘোষণা করা হয়েছে, যা স্থানীয় ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ করেছে।

ভবিষ্যৎ স্বপ্ন : স্থায়ী ঠিকানা

একুশে সংসদের সাধারণ সম্পাদক হারাধন চক্রবর্তী বলেন, “একুশে সংসদ আজ শুধু একটি সংগঠনের নাম নয়, এটি একটি বিশ্বাসের নাম। দীর্ঘ ২৬ বছর ধরে আমরা মানবসেবা, ক্রীড়া ও সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছি। এলাকার অসংখ্য তরুণ এই সংগঠনের মাধ্যমে সুস্থ ও সুন্দর জীবনধারার সঙ্গে সম্পৃক্ত হয়েছে।”

তিনি বলেন, “আমাদের সবচেয়ে বড়ো চাওয়া হলো একটি স্থায়ী ভবন। সরকারি সহযোগিতা পেলে একুশে সংসদের কার্যক্রম আরও সুসংগঠিত ও বিস্তৃত করা সম্ভব হবে। এতে ভবিষ্যৎ প্রজন্মের জন্যে একটি শক্তিশালী সামাজিক প্রতিষ্ঠান গড়ে উঠবে।”

নিবেদিতপ্রাণ কর্মীদের সংগঠন

সংগঠনের বিভিন্ন কার্যক্রম পরিচালনায় সক্রিয় রয়েছেন নিবেদিতপ্রাণ কিছু কর্মী। এরা হচ্ছেন : মো. রুবেল খান, মামুন খান, সজল কুমার দে, মানস কুমার দে রানা, আল আমিন মৃধা, সাব্বির খান, ডা. আমিনুল ইসলাম, শাহিন শেখ, আতিক মিজি, সুমন মাল, ফিরোজ, আকতার মাস্টার, কাদির খান, মোবারক পালোয়ান, মামুন পালোয়ান, মোজাম্মেলসহ আরো অনেকে। সংগঠনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন আলম গাজী ও আনিসুজ্জামান জুয়েল।

এলাকাবাসীর প্রত্যাশা

স্থানীয়দের মতে, একুশে সংসদ কেবল একটি ক্রীড়া বা সামাজিক সংগঠন নয়, এটি বাবুরহাটের সামাজিক ঐক্য, মানবতা ও প্রগতির প্রতীক। দীর্ঘ ২৬ বছরের ধারাবাহিক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটি মানুষের হৃদয়ে বিশেষ স্থান করে নিয়েছে।

তাদের প্রত্যাশা, সরকারি ও সামাজিক পৃষ্ঠপোষকতা পেলে একুশে সংসদ আগামী দিনেও মানবসেবা, শিক্ষা, ক্রীড়া ও সামাজিক উন্নয়নের মাধ্যমে বৃহত্তর চাঁদপুরের জন্যে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়