প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০৯:২৭
রালদিয়ায় প্রাইস মানি কাপ ফুটবল টুর্নামেন্টের শিরোপা জিতলো আশিকাটি রাইজিং স্টার

চাঁদপুর সদর উপজেলার রালদিয়া যুব সমাজ কর্তৃক আয়োজিত সপ্তাহব্যাপী প্রাইস মানি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে আশিকাটি রাইজিং স্টার ২-১ গোলে গাজী অল স্টার ক্লাবকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
শুক্রবার (৩ জুলাই ২০২৬) রালদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে রাতের আলোয় অনুষ্ঠিত জমজমাট এই ফাইনাল ম্যাচটি দেখতে বিপুল সংখ্যক দর্শক উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে আশিকাটি রাইজিং স্টার, গাজী অল স্টার ক্লাবসহ এলাকার একাধিক শক্তিশালী দল অংশগ্রহণ করে।
ফাইনাল খেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আনিসুজ্জামান জুয়েল, বাবু মাল, জাহিদ নিশান, ইসমাইল মাল, আরিফ মাল, রাব্বি খান, শান্ত মাল প্রমুখ। খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আশিকাটি রাইজিং স্টারের চেয়ারম্যান ও ক্লাবটির নীতিনির্ধারক মো. আনিসুজ্জামান জুয়েল বলেন, “আমরা যে কোনো টুর্নামেন্টকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করি। শুরু থেকেই এই টুর্নামেন্টে কঠোর প্রতিযোগিতা করে আজকের এই সাফল্য অর্জন করেছি। বাবুরহাটসহ যেখানেই আমরা খেলায় অংশগ্রহণ করেছি, প্রতিটি ম্যাচে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছি। আমাদের খেলোয়াড়রা সর্বোচ্চ চেষ্টা ও নিষ্ঠার মাধ্যমে আজকের এই বিজয় এনে দিয়েছে।”
তিনি আরও বলেন, “এই শিরোপা যেমন আমাদের সম্মান বৃদ্ধি করেছে, তেমনি আমাদের দায়িত্বও বাড়িয়েছে। ভবিষ্যতে আরও বড়ো বড়ো টুর্নামেন্টে অংশগ্রহণ করে নতুন নতুন সাফল্য অর্জনের লক্ষ্যে আমরা কাজ করে যাবো। এজন্যে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
খেলাশেষে বিজয়ী দলের খেলোয়াড়, কর্মকর্তা ও সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। শিরোপা জয়ের আনন্দে উচ্ছ্বাস প্রকাশ করেন আশিকাটি রাইজিং স্টারের সমর্থকরা।








