প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫৭
অরুণ নন্দী সুইমিং পুলের সংস্কার কাজ বন্ধ, তালাবদ্ধ গেট

চাঁদপুরের ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ স্থাপনা চাঁদপুর আউটার স্টেডিয়ামের অরুণ নন্দী সুইমিং পুল কয়েক বছর ধরে কার্যত অচল হয়ে আছে। দীর্ঘদিন ধরে সংস্কার কাজ বন্ধ থাকায় প্রতিদিনই মূল ফটকে ঝুলছে তালা। নেই কোনো দারোয়ান বা নিয়মিত তদারকি। ফলে পুরো এলাকা পড়ে আছে ভূতুড়ে অবস্থায়। এই সুইমিং পুলটিই ছিলো চাঁদপুরে নিয়মিত সাঁতার প্রশিক্ষণ ও জেলা পর্যায়ের সাঁতার প্রতিযোগিতার একমাত্র ভরসা। দীর্ঘদিন ধরে সংস্কার কাজ বন্ধ থাকায় বন্ধ রয়েছে সব ধরনের সাঁতার অনুশীলন ও প্রতিযোগিতা। এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে স্কুল-কলেজ পর্যায়ের সাঁতারু ও উদীয়মান ক্রীড়াবিদরা। জেলা ও বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতার জন্যে প্রয়োজনীয় প্রস্তুতির সুযোগও তারা পাচ্ছে না।
সংস্কার কাজ বন্ধ থাকার বিষয়ে কাজের ঠিকাদার হারুন অর রশিদ বলেন, বিল সংক্রান্ত জটিলতা, রিভাইজড্ কাজসহ কিছু অফিসিয়াল বিষয় এখনো চূড়ান্ত হয়নি। এসব কারণেই আপাতত কাজ বন্ধ রয়েছে।
এ বিষয়ে চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার অফিস সহকারী দিলীপ সরকার জানান, একটি প্যাকেজের আওতায় একসঙ্গে পাঁচটি কাজ চলমান রয়েছে। সে কারণে একেক দিন একেক জায়গায় কাজ করতে হচ্ছে। পাশাপাশি নির্বাচনসহ বিভিন্ন কারণে শ্রমিক সংকটও দেখা দিয়েছে। সব মিলিয়ে কাজের গতি কমেছে।
স্থানীয় ক্রীড়াবিদ ও অভিভাবকদের অভিযোগ, দীর্ঘ সময় ধরে সংস্কার বন্ধ থাকায় জেলার সাঁতার পিছিয়ে পড়ছে। দ্রুত সংস্কার কাজ শেষ করে সুইমিং পুলটি চালু না করলে ভবিষ্যতে চাঁদপুরের সাঁতার প্রতিযোগিতা ও সাঁতার-প্রতিভা তৈরির পথ আরও সংকুচিত হয়ে পড়বে বলে তারা আশঙ্কা প্রকাশ করেছেন।








