প্রকাশ : ২৫ জুন ২০২৬, ১৪:৪৯
হাজীগঞ্জে টায়ার জ্বালিয়ে ছাত্রদলের একাংশের সড়ক অবরোধ

হাজীগঞ্জে ছাত্রদলের একাংশ সড়ক অবরোধে নেমেছে। সদ্য ঘোষিত হাজীগঞ্জ উপজেলা ও পৌরসভা ছাত্রদলের কমিটি বাতিল করে ত্যাগীদেরকে স্থান দেয়ার দাবিতে সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করেছে। বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) এ অবরোধ চলেছে। এ সময় চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজার অংশে কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়।
|আরো খবর
খোঁজ নিয়ে জানা যায়, গত সোমবার চাঁদপুর জেলা ছাত্রদল থেকে হাজীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। এতে উপজেলার সকল ইউনিয়ন ও পৌরসভা থেকে সমতার ভিত্তিতে কমিটি দেয়া হয়। তবে ত্যাগীদের মূল্যায়িত করা হয়নি বলে সড়ক অবরোধে নামে ছাত্রদলের একাংশ।
সরজমিনে দেখা যায়, বেলা দেড়টার দিকে হাজীগঞ্জ পূর্ব বাজারে থানা রোডের সামনে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধে নামে ছাত্রদলের একাংশ। এ সময় সড়কের দু পাশে কয়েক কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। হাজার হাজার যাত্রী আটকা পড়ে ও ভোগান্তিতে পড়ে। এ সংবাদ লেখা পর্যন্ত ( দুপুর আড়াইটা) দাবিকৃত বিষয়ে আশ্বস্ত করার পরে সড়ক অবরোধ তুলে নেযা হয়েছে।
সদ্য ঘোষিত উপজেলা কমিটির সহ-সভাপতি হান্নান তালুকদার এ অবরোধে অংশ নিয়ে চাঁদপুর কণ্ঠকে জানান, ত্যাগীদের মূল্যায়ন না করে ঘোষণা করা এ কমিটি বাতিল করে নতুন কমিটি দেওয়া হোক।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান জানান, আন্দোলনকারীদেরকে আশ্বস্ত করার পরে সড়ক অবরোধ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
উল্লেখ্য, গেলো সোমবার (২২ জুন ২০২৬) জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে ১১৩ সদস্য বিশিষ্ট উপজেলা ও পৌরসভা কমিটি ঘোষণা করা হয়।
এ বিষয়ে হাজীগঞ্জ পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন ভুলু মুন্সী জানান, পদ দাবিকৃতদের সাথে কথা হয়েছে। তাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে, ৭২ ঘন্টার মধ্যে এমপি মহোদয়ের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেয়া হবে।








