প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ১৯:৪৯
চাঁদপুরে ৩০ হাজার পরীক্ষার্থীর ‘মিশন এসএসসি’ ৭৪ কেন্দ্রে সম্পন্ন সব প্রস্তুতি, নিরাপত্তায় কড়াকড়ি

চাঁদপুর জেলায় ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি), দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষাকে কেন্দ্র করে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে জেলা প্রশাসন ও জেলা শিক্ষা বিভাগ। জেলার ৮টি উপজেলায় মোট ৭৪টি কেন্দ্রে ৩০ হাজার ৭৪৬ জন পরীক্ষার্থী এবারের পরীক্ষায় অংশগ্রহণ করবে।
|আরো খবর
জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নূরুল্লাহ্ স্বাক্ষরিত সর্বশেষ তথ্যে জানা গেছে, সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা আয়োজনের লক্ষ্যে কেন্দ্র বিন্যাস, নিরাপত্তা ব্যবস্থা এবং প্রশাসনিক তৎপরতা ইতোমধ্যে চূড়ান্ত করা হয়েছে।
পরীক্ষার সার্বিক চিত্র
এ বছর সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে ২১ হাজার ৮০৭ জন পরীক্ষার্থী, যা অনুষ্ঠিত হবে ৪৫টি কেন্দ্রে। মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে ৭ হাজার ১৯১ জন পরীক্ষার্থী ১৯টি কেন্দ্রে। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় অংশ নিচ্ছে ১ হাজার ৭৪৮ জন শিক্ষার্থী, যাদের জন্য নির্ধারিত হয়েছে ১০টি কেন্দ্র।
সব মিলিয়ে জেলায় মোট ৭৪টি কেন্দ্রে ৩০ হাজার ৭৪৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্য উপস্থিতি নির্দেশ করে।
উপজেলায় উপজেলায় এসএসসি পরীক্ষার চিত্র
এসএসসি পরীক্ষায় চাঁদপুর সদর উপজেলায় পরীক্ষার্থী ও কেন্দ্রের সংখ্যা সর্বোচ্চ। এখানে ৬টি কেন্দ্রে অংশ নিচ্ছে ৪ হাজার ৮৫১ জন শিক্ষার্থী। কচুয়ায় ৭টি কেন্দ্রে ৩ হাজার ১০৫ জন এবং ফরিদগঞ্জে ৬টি কেন্দ্রে ২ হাজার ৯০৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে।
এছাড়া হাজীগঞ্জে ৯টি কেন্দ্রে ২ হাজার ৯৮১ জন, শাহরাস্তিতে ৬টি কেন্দ্রে ২ হাজার ৮৩৩ জন, মতলব উত্তরে ৭টি কেন্দ্রে ২ হাজার ৭৩৩ জন এবং মতলব দক্ষিণে ৩টি কেন্দ্রে ১ হাজার ৮২৫ জন পরীক্ষার্থী রয়েছে। হাইমচরে ১টি কেন্দ্রে অংশ নিচ্ছে ৫৭৩ জন শিক্ষার্থী।
দাখিলে এগিয়ে ফরিদগঞ্জ
দাখিল পরীক্ষায় ফরিদগঞ্জ উপজেলা শীর্ষে অবস্থান করছে। এখানে ৩টি কেন্দ্রে ১ হাজার ৫৯৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। কচুয়ায় ৩টি কেন্দ্রে ১ হাজার ১ হাজার ৩৫৫ জন এবং হাজীগঞ্জে ৩টি কেন্দ্রে ১ হাজার ১৭১ জন পরীক্ষার্থী রয়েছে।
চাঁদপুর সদরে ৪টি কেন্দ্রে ৯৭৮ জন, শাহরাস্তিতে ২টি কেন্দ্রে ৭৫৮ জন, মতলব দক্ষিণে ২টি কেন্দ্রে ৫৩৫ জন এবং মতলব উত্তরে ১টি কেন্দ্রে ৪৭৪ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। হাইমচরে ১টি কেন্দ্রে রয়েছে ৩২১ জন শিক্ষার্থী।
ভোকেশনালে এগিয়ে হাজীগঞ্জ
কারিগরি শিক্ষার ক্ষেত্রেও হাজীগঞ্জ উপজেলা এগিয়ে রয়েছে। এখানে ২টি কেন্দ্রে অংশ নিচ্ছে ৪৫৪ জন পরীক্ষার্থী। চাঁদপুর সদরে ১টি কেন্দ্রে ২৬৬ জন এবং মতলব উত্তরে ১টি কেন্দ্রে ২৩৪ জন পরীক্ষার্থী রয়েছে।
এছাড়া কচুয়ায় ২টি কেন্দ্রে ২৩২ জন, মতলব দক্ষিণে ১টি কেন্দ্রে ১৮৬ জন, হাইমচরে ১টি কেন্দ্রে ১৬৮ জন, ফরিদগঞ্জে ১টি কেন্দ্রে ১৫৩ জন এবং শাহরাস্তিতে ১টি কেন্দ্রে ৬৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে।
নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি
জেলা প্রশাসন জানিয়েছে, প্রতিটি কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। পরীক্ষা চলাকালে নকল প্রতিরোধে কেন্দ্রগুলোতে পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন থাকবে। পাশাপাশি স্ট্রাইকিং ফোর্স ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
পরীক্ষা চলাকালে কেন্দ্রের ২০০ গজের মধ্যে সাধারণ মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যানজট নিরসনে ট্রাফিক বিভাগকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে, যাতে পরীক্ষার্থীরা নির্বিঘ্নে কেন্দ্রে পৌঁছাতে পারে।
শিক্ষা কর্মকর্তার বার্তা
জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ নূরুল্লাহ্ বলেন,
“পরীক্ষাকে কেন্দ্র করে আমরা সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছি। শিক্ষার্থীরা যেন কোনো মানসিক চাপে না থাকে, সে বিষয়ে শিক্ষক ও অভিভাবকদের সচেতন থাকতে হবে। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা সম্পন্ন করতে আমরা সকলের সহযোগিতা কামনা করছি।”
সব প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর এখন শুধু অপেক্ষা পরীক্ষার দিন ঘনিয়ে আসার। প্রশাসন, শিক্ষক, অভিভাবক এবং শিক্ষার্থীদের সমন্বিত প্রচেষ্টায় চাঁদপুরে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।
ডিসিকে /এমজেডএইচ








