প্রকাশ : ৩০ মার্চ ২০২৬, ১৮:৫৩
চাঁদপুরে মিড-ডে মিল চালুর একদিন পরই অনিয়ম: পুষ্টিকর দুধ ছাড়াই দেওয়া হচ্ছে শুকনো পাউরুটি

চাঁদপুর জেলাজুড়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও পুষ্টি নিশ্চিত করতে ঘটা করে ‘মিড-ডে মিল’ কার্যক্রম শুরু হলেও উদ্বোধনের একদিন পরই তা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। সরকারি নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের দুপুরের খাবারে পাউরুটির পাশাপাশি পুষ্টিকর দুধ সরবরাহ করার কথা থাকলেও অনেক বিদ্যালয়ে তা মিলছে না।
|আরো খবর
আজ সোমবার (৩০ মার্চ) দুপুরে চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী বাবুরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীদের টিফিনে কেবল একটি করে ‘বন পাউরুটি’ দেওয়া হচ্ছে। অথচ মেন্যু অনুযায়ী পুষ্টিকর দুধ দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি।
শিক্ষকদের বক্তব্যখাবারের তালিকায় এমন গরমিল কেন—জানতে চাইলে বিদ্যালয়ের শিক্ষকরা দৈনিক চাঁদপুর কণ্ঠ-কে জানান, খাদ্য সরবরাহের দায়িত্বে থাকা ঠিকাদার কেবল পাউরুটি পাঠিয়েছেন। আজ দুধ পাঠানোর কথা থাকলেও রহস্যজনক কারণে তা সরবরাহ করা হয়নি। ফলে বাধ্য হয়েই কেবল পাউরুটি দিয়ে শিক্ষার্থীদের টিফিন সম্পন্ন করতে হয়েছে।
অভিভাবকদের উদ্বেগবিদ্যালয়ে উপস্থিত বেশ কয়েকজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, "উদ্বোধনের দিন বড় বড় কর্মকর্তারা উপস্থিত থেকে ডিম ও পাউরুটি দিয়েছিলেন। কিন্তু একদিন যেতে না যেতেই খাবারের মান ও তালিকা কমে গেল।" তারা আশঙ্কা প্রকাশ করছেন যে, তদারকির অভাবে এই মহৎ উদ্যোগটি অচিরেই বন্ধ বা দুর্নীতির কবলে পড়তে পারে।
উদ্বোধনের প্রেক্ষাপটউল্লেখ্য, গতকাল ২৯ মার্চ (রবিবার) চাঁদপুর জেলায় আনুষ্ঠানিকভাবে এই মিড-ডে মিল কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে ডিম ও পাউরুটি তুলে দিয়েছিলেন চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোসাদ্দেক হোসেন এবং চাঁদপুর সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবু সাঈদসহ অন্যান্য অতিথিবৃন্দ।
জেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুষ্টি সরবরাহ নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হলেও কার্যক্রমের দ্বিতীয় দিনেই এমন অব্যবস্থাপনা কোমলমতি শিক্ষার্থীদের পুষ্টি প্রাপ্তিকে প্রশ্নবিদ্ধ করছে। এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।







