প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৭
মতলবে কিশোর গ্যাং, মাদক ও জুয়াবিরোধী অভিযানে আটক ৩৭

মতলব দক্ষিণ উপজেলায় কিশোর গ্যাং, মাদক, অনলাইন জুয়া ও অপরাধমূলক কর্মকাণ্ড রোধে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে গ্যাং কালচার ও অপরাধের সঙ্গে জড়িত সন্দেহে সর্বমোট ৩৭ জনকে আটক করা হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) রাতে উপজেলার বিভিন্ন স্থানে থানা পুলিশ এই সাঁড়াশি অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, আটককৃতদের মধ্যে চারজনের কাছ থেকে মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এছাড়া ৯ জনকে মোবাইল ফোনে সরাসরি অনলাইন জুয়া খেলা অবস্থায় আটক করা হয়। আটককৃতদের পরিচয় ও অপরাধের গভীরতা যাচাই-বাছাই করা হচ্ছে। পুলিশ জানায়, যাদের বিরুদ্ধে অপরাধের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হবে। অন্যদিকে, সরাসরি অপরাধে জড়িত নয় এমন কিশোরদের অভিভাবকদের ডেকে প্রয়োজনীয় কাউন্সেলিং এবং মুচলেকা নিয়ে স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে।
অভিযান পরিচালনার সময় সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব (পিপিএম) ও মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিকসহ পুলিশের একটি চৌকস দল উপস্থিত ছিলো।
আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে মতলবের শিক্ষার্থী ও তরুণদের সন্ধ্যার পর অহেতুক বাইরে আড্ডা না দিয়ে পড়াশোনায় মনোযোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে নির্জন স্থানে আড্ডা, ইভটিজিং, অনলাইন জুয়া কিংবা কিশোর গ্যাংয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকার হুঁশিয়ারি দেওয়া হয়।
পুলিশ কর্মকর্তারা জানান, কোনো সাধারণ শিক্ষার্থী বা তরুণকে অযথা হয়রানি করা পুলিশের উদ্দেশ্য নয়। বরং মতলব এলাকায় একটি সুস্থ, নিরাপদ ও অপরাধমুক্ত পরিবেশ তৈরি করাই এ ধরনের অভিযানের প্রধান লক্ষ্য।
সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীব (পিপিএম) বলেন, “কিশোর গ্যাং, মাদক, ইভটিজিং ও অনলাইন জুয়ার মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে আমাদের এই বিশেষ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”








