প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ১৬:২৯
আদালতে মামলার শুনানিকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন সিনিয়র আইনজীবী রুহুল আমিন

আদালতে মামলার শুনানিকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন চাঁদপুরের সিনিয়র আইনজীবী রুহুল আমিন-১ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।
|আরো খবর
বৃহস্পতিবার (৬ আগস্ট ২০২৬) দুপুরে চাঁদপুরের হাইমচর সিভিল জজ আদালতে একটি দেওয়ানি মামলার শুনানিকালে তিনি হঠাৎ হেলে পড়েন।
আদালত সূত্রে জানা যায়, অসুস্থ হওয়ার সাথে সাথেই আইনজীবী ও অফিস সহায়করা তাঁকে চিকিৎসার জন্যে হাসপাতালে নিয়ে যান। ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্মরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর মৃত্যুর খবর আদালত এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। তিনি ছিলেন চাঁদপুর জেলা বারের অন্যতম বয়োজ্যেষ্ঠ সিনিয়র আইনজীবী।
তিনি ১৯৭৩ সালের ৬ জুন চাঁদপুর জেলা আইনজীবী সমিতিতে যোগ দেন। জীবনের শেষ দিনটিতেও তিনি আদালতে মামলার কার্যক্রম পরিচালনায় উপস্থিত ছিলেন।
আদালতে উপস্থিত আইনজীবীরা জানান, তিনি সুস্থভাবেই এসেছিলেন এবং একটি দেওয়ানি মামলায় জেরার প্রস্তুতি নিচ্ছিলেন।
আইনজীবী রুহুল আমিন-১ দীর্ঘদিন অত্যন্ত সুনামের সাথে চাঁদপুরে আইন পেশায় নিয়োজিত ছিলেন। তাঁর মেয়ে ও জামাতাসহ অনেক আত্মীয়স্বজন আইন পেশার সাথে যুক্ত রয়েছেন।
(বিস্তারিত আসছে...)








