প্রকাশ : ২৩ জুন ২০২৬, ১৪:৫৬
আদালতে মামলা দায়েরের সংবাদে প্রতিপক্ষের হামলায় আহত ৩

ফরিদগঞ্জে জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে আদালতে মামলা দায়ের করাই কাল হলো তাদের । মামলা দায়েরের নোটিস নিয়ে আদালতের লোকজন বাড়িতে এসে নোটিস জারি করে। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের হামলায় নারী ও বৃদ্ধসহ ৩জন আহত হয়েছে। ঘটনাটি রূপসা দক্ষিণ ইউনিয়নের চরমান্দারি এলাকার।
|আরো খবর
ফরিদগঞ্জ উপজেলার সংবাদপত্র এজেন্ট মাওলানা তাজুল ইসলাম জানান, তার গ্রামের বাড়ি উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়েেনর চরমান্দারি গ্রামে। তার ভাই ফয়েজ আহম্মেদ (৭০) তার সম্পত্তির ওপর পাকা ভবন নির্মাণ করছিলেন। কিন্তু হঠাৎ করেই তার বাড়ির অন্য অংশীদাররা তাদের নির্মাণকাজে বাধা দেয় । এ নিয়ে বেশ কয়েকবার সালিসি বৈঠক হলেও প্রতিপক্ষ মো. হারুন গং তা মানছে না। অর্ধ সমাপ্ত ঘরে তারা মানবেতর জীবন ধারণ করছে মাসের পর মাস। ফলে বাধ্য হয়ে জমির বিরোধ নিষ্পত্তির জন্যে চাঁদপুর আদালতে মোকদ্দমা নং ২৮১৫/২০২৬ দায়ের করেন তার ভাই। আদালত কর্তৃপক্ষ গত সোমবার (২২ জুন ২০২৬) মামলার নোটিস জারি করেন সরেজমিন এসে। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষ হারুন গং বিকেলে তার ভাইয়ের ঘরে হামলা করে। হামলায় তার ভাই ফয়েজ আহম্মেদ (৭০), তার পুত্রবধূ সুমাইয়া এবং নাতি সুরাইম (৩) আহত হয়। এক পর্যায়ে তাদের গৃহবন্দি করে রাখে হামলাকারীরা। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে রাতে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এ ব্যাপারে হামলায় আহত সুমাইয়া সোমবার রাতে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সুমাইয়া ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, আদালতের লোকজন নোটিস জারি করতে আসলে তারা নোটিস গ্রহণ করেননি। উল্টো হঠাৎ করেই তারা দলবলে আমাদের ঘরে হামলা করেন। তারা প্রথমে আমাকে সামনে পেয়ে আমার ওপর হামলা করে। আমার কোলের শিশু সন্তানকে আছড়ে ফেলে দেয় এবং আমাকে নারী ও পুরুষ মিলে টেনে হিঁচড়ে নিয়ে মারধর করে। আমাকে বাঁচাতে আমার শ্বশুর ফয়েজ আহাম্মদ এগিয়ে আসলে বৃদ্ধ এই লোকটিকে বেদম মারধর করে তারা। হামলায় আহত হয়ে আমরা এক পর্যায়ে গৃহবন্দি হয়ে পড়ি। ৯৯৯ নম্বরে কল করলেও পুলিশ স্বল্পতার কারণে তারা আসতে পারেনি। পরে স্থানীয় লোকজনের সহায়তায় গৃহবন্দিত্ব থেকে মুক্তি পেয়ে হাসপাতালে চিকিৎসা নেই।
অভিযুক্ত মো. হারুনের সাথে যোগাযোগের চেষ্টা করে তাকে না পাওয়ায় তার বক্তব্য পাওয়া যায় নি।
এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার ওসি মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।







