প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬, ২০:৫৫
মতলব উত্তরে মিড ডে মিলে পচা ডিম পেলো শিক্ষার্থীরা
ডিমে এতো দুর্গন্ধ ছিলো যে আমরা কেউ খেতে পারি নি : পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

মতলব উত্তর উপজেলায় স্কুল ফিডিং (মিড ডে মিল) কর্মসূচির আওতায় বিতরণ করা মিড ডে মিলে পচা ডিম পাওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (৮ এপ্রিল ২০২৫) সকালে উপজেলার ওটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে।
|আরো খবর
পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আইরিন আক্তার বলেন, স্কুলে মিড ডে মিল দেয়া হবে শুনে আমরা খুব খুশি হয়েছিলাম। কিন্তু আজকের ডিমে এতো দুর্গন্ধ ছিলো যে, আমরা কেউ খেতে পারিনি। পচা খাবার খেয়ে অসুস্থ হলে তো আমরা পড়াশোনা করতে পারবো না। আমরা চাই কর্তৃপক্ষ যেনো আমাদের সবসময় টাটকা ও স্বাস্থ্যকর খাবার দেয়ার ব্যবস্থা করেন।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আশিকুজ্জামান বলেন, আমার বিদ্যালয়ে ৩৫৪ জন শিক্ষার্থী। আজকে প্রায় ২০০ ডিম পচা আসছে, ডিমের ওপর দিকে ভালো মনে হলেও ভিতরে ভালো না। আমি দায়িত্বপ্রাপ্তদের বলবো, তারা যাতে ভালো মানের খাবার সরবরাহ করে। ভালো মানের খাবার না হলে শিক্ষার্থীদের স্বাস্থ্যগত ঝুঁকি বাড়ছে।
এ বিষয়ে 'প্রত্যাশী'র মতলব উত্তরের প্রজেক্ট ম্যানেজার আহাম্মেদ তাসনীন আলম বলেন, যদি এ রকম ঘটনা ঘটে, আমরা তাৎক্ষণিক ডিমগুলো পরিবর্তন করে দেবো, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে সে বিষয়ে সতর্ক থাকবো।
উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে গত ২৯ মার্চ থেকে মতলব উত্তর উপজেলায় ‘মিড-ডে মিল’ বা স্কুল ফিডিং কর্মসূচি চালু করা হয়েছে। শিক্ষার্থীদের পুষ্টি চাহিদা পূরণ ও বিদ্যালয়ে উপস্থিতি বাড়ানোর লক্ষ্যে চালু হওয়া এ কর্মসূচির আওতায় পাঁচ ধরনের পুষ্টিকর খাবার সরবরাহের কথা রয়েছে।








