প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ২১:৪৪
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে হামে এক শিশুর মৃত্যুর অভিযোগ
হার্টে সমস্যা ও শ্বাসকষ্ট নিয়ে শিশুটির মৃত্যু হয়েছে বলে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া আরও এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৬ এপ্রিল ২০২৬) দুপুর দেড়টার দিকে মাহিয়া ইসলাম নামের এক বছরের শিশুটি মারা যায়। হাসপাতালের জরুরি বিভাগ থেকে এই তথ্য জানা গেছে।
|আরো খবর
শিশুটির পিতা চাঁদপুর পৌর ৫নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোহাম্মদ মামুন মিয়াজি। শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলো। শিশু ওয়ার্ড থেকে শিশুটিকে ঢাকা রেফার করা হয়। দুপুরে ঢাকা নেয়ার পথে মারা যায়। পরে শিশু মাহিয়াকে নিয়ে তার পিতা মামুন মিয়াজী পুনরায় সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে ইসিজিসহ অন্যান্য পরীক্ষা করে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বর্তমানে হাসপাতালটির শিশু ওয়ার্ডে হামের লক্ষণসহ নিউমোনিয়া নিয়ে চিকিৎসাধীন রয়েছে অনেক শিশু। হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহাবুর রহমান জানিয়েছেন, শিশুটি হামের উপসর্গ নিয়ে মারা যায়নি। তার হার্টে সমস্যা এবং শ্বাসকষ্ট ছিলো। হাসপাতালে আগের চেয়ে হামের উপসর্গ নিয়ে শিশু ভর্তি কমেছে। যা পূর্ববর্তী দিনগুলোর তুলনায় কিছুটা কম।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, সর্বশেষ ২০ দিনে (১৫ মার্চ থেকে ৪ এপ্রিল) ৯৮ শিশু সন্দেহজনক হাম রোগে মারা গেছে। আর হামে নিশ্চিত মৃত্যুর সংখ্যা ১৬। সর্বশেষ ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে চারজন এবং নিশ্চিত হামে দুজনের মৃত্যু হয়েছে।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, দেশে হামে প্রতিবছর কতজন আক্রান্ত হয়, তার হিসাব নিয়মিত করা হলেও মৃত্যুর সংখ্যা ধারাবাহিকভাবে পর্যবেক্ষণ করা হয় না। দেশে হামে মৃত্যুর হার ছিল ১০ লাখে ১ শতাংশ। এখন তা বেড়ে হয়েছে ১৬ দশমিক ৮ শতাংশ।







