প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২১
বাতাস

ভাগ্যিস বাতাসের কোন রং নেই, তাহলে মানুষ দেখতে পেতো বাতাসের ভেতর কেমন জমাট বাঁধা বেদনার নীল রংয়ের বাস।
বাতাস কেবলই অনুভবের ছোয়া, না ধরা যায়, না ছোয়া যায়, তবে বাতাসে ভেসে আসা সব অতৃপ্ত আত্মার পুড়ে যাওয়া হৃদয়ের পোড়া গন্ধ পাওয়া যায়।
ভাগ্যিস বাতাসের কোন রং নেই, যদি থাকতো তবে সে রং হতো গাঢ় নীল।
নিদারুণ বেদনা নিয়ে বেঁচে থাকা মানুষগুলোর বেদনার রংতো একেবারেই নীল।
তোমার আমার বেদনার তারতম্য বা পার্থক্য হবে বিস্তর,
তবে তোমার আমার বেদনার রংটা কিন্তু নীল।
বাতাসে যেমন হৃদয় পোড়ার গন্ধ ভেসে আসে, তেমনি বাতাসে মানুষের বেদনার নীল রংটাই ভেসে উঠতো।
অগুনতি মানুষতো তাদের মানসিক যাতনায়, বেদনায় নীল হয়ে আছে সেই কবেই।
বাতাসের কিন্তু নিজস্ব একটা শব্দ আছে, সে শব্দে ভেসে আসে ঐ দূরের কোন মানুষের হারানোর বেদনার বোবা কান্নার, কিংবা মানসিক যন্ত্রণায় কাতর গোঙরানো কান্নার আওয়াজ।
নিশুতী রাতে বাতাসের দিকে কান পাতলে শোনা যায় শো শো শব্দের ভেতর হাজারো মানুষের না পাওয়ার আর হারাবার বেদনার সমঃশ্বরের কান্নার আওয়াজ।
ভাগ্যিস বাতাসের কোন রং নেই, যদি থাকতো তবে সে রং হতো নীল।
কারণ মানুষের বেদনার রংটাও যে একেবারেই নীল।







