শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০৯:৩৪

ইঞ্জি. মমিনুল হক এমপির উদ্যোগে ৭টি মাঠের সংস্কার চলমান, তৈরি হবে মিনি স্টেডিয়াম

হাজীগঞ্জে খেলাধুলার অগ্রগতি ত্বরান্বিত হচ্ছে

অনলাইন ডেস্ক

কামরুজ্জামান টুটুল ॥ চাঁদপুর জেলার বাণিজ্যিক শহর হাজীগঞ্জ। সেখানে খেলাধুলা পিছিয়ে থাকবে, সেটা হতে পারে নাÑএমন ধারণা এখন রাজনীতিক ও ক্রীড়ামোদীদের মনে ঘুরপাক খাচ্ছে। তারই ধারাবাহিকতায় স্থানীয়ভাবে খেলার আয়োজন বেশ অনাড়ম্বরভাবে হয়ে থাকে। যার পেছনে কলকাঠি নাড়তে কাজ করছেন স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. মমিনুল হক এমপি এবং উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন। তবে খেলার আয়োজনগুলো একটি মাঠে সীমাবদ্ধ না রেখে বড় বড় মাঠগুলোতে ধারাবাহিকভাবে আয়োজন করলে স্থানীয়দের মাঝে খেলাধুলার ব্যাপক চর্চা ফিরে আসতো বলে মনে করেন এ-সংশ্লিষ্ট অনেকে। আর মিনি স্টেডিয়ামের কাজ শেষ হলে এ অঞ্চলের চেহারা পাল্টে যাবে।

খেলাধুলার আকালে হাজীগঞ্জ পৌর এলাকা ও পৌর এলাকার বাইরের খেলার মাঠগুলো সংস্কার করলে স্ব-স্ব এলাকার স্থানীয়দের মাঝে কিছুটা হলেও খেলার অভ্যাস গড়ে উঠবে বলে মনে করেন স্থানীয়রা।

সরেজমিনে ঘুরে দেখা যায়, হাজীগঞ্জ পৌরসভা ও পৌরসভার বাইরে খেলার উপযোগী বেশ ক’টি মাঠ রয়েছে, যার সব ক’টি শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক গড়ে উঠেছে। এর মধ্যে পৌর এলাকার অভ্যন্তরে হাজীগঞ্জ সরকারি পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ও বলাখাল যোগেন্দ্র নারায়ণ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কারিগরি কলেজ মাঠ উল্লেখযোগ্য। উপজেলার বাইরে রয়েছে বাকিলা উচ্চ বিদ্যালয় মাঠ, রামপুর উচ্চ বিদ্যালয় মাঠসহ অন্য সব শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক খেলার মাঠ।

হাজীগঞ্জে সরকারি যতো খেলার আয়োজন করা হয়, তার সবই হয় হাজীগঞ্জ সরকারি পাইলট হাই স্কুল অ্যান্ড কলেজ মাঠে। খেলা মানেই যেনো এ মাঠ। কিন্তু এর বাইরে পৌরসভার অভ্যন্তরে তথা হাজীগঞ্জ ডিগ্রি কলেজ মাঠ ও বলাখাল জেএন উচ্চ বিদ্যালয় অ্যান্ড কারিগরি কলেজ মাঠে কিছু খেলার আয়োজন করা হলে এ অঞ্চলেও খেলাধুলার ধারাবাহিকতা ফিরে আসতো এবং এ অঞ্চলের যুবকরা কিছুটা হলেও মাদকবিমুখ হয়ে খেলাধুলায় ফিরে আসতো।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ইবনে আল জায়েদ হোসেন জানান, পৌর এলাকার মাঠগুলোর মান উন্নত করতে এমপি মহোদয়ের সাথে আমরা কাজ করছি। নতুন কুঁড়ি ফুটবল টুর্নামেন্টের নিবন্ধন চলমান এবং প্রাইম মিনিস্টার্স কাপ ফুটবল টুর্নামেন্ট শিগগিরই অনুষ্ঠিত হবে। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারি, বেসরকারি বা কোনো সংগঠন দ্বারা খেলার আয়োজন করা হলে আমরা পৌরসভা থেকে সব ধরনের সহযোগিতা করে থাকি।

চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের নির্বাচিত সংসদ সদস্য মমিনুল হক জানান, যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এবং তাদেরকে খেলাধুলায় ফিরিয়ে আনতে পৌর এলাকাসহ পৌরসভার বাইরে ৭টি বিদ্যালয়ের খেলার মাঠের সংস্কারকাজ চলমান রয়েছে। বাকিগুলো পর্যায়ক্রমে সংস্কার করা হবে। ইতোমধ্যে হাজীগঞ্জ ও শাহরাস্তিতে ১টি করে দুটি মিনি স্টেডিয়াম তৈরির অনুমোদন পাওয়া গেছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়