প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ১১:৫০
সততার প্রশংসা

গ্রামের নাম জগন্নাথদী। এই গ্রামে বাস করত এক ছেলে, তার নাম তাশরিফ। সে দরিদ্র ঘরের সন্তান, কিন্তু ছিল খুব সৎ আর পরিশ্রমী। প্রতিদিন সকালে সে বাজারে যেত, মানুষের জিনিসপত্র বহন করে কিছু টাকা রোজগার করত।
একদিন বাজারে কাজ করতে গিয়ে তাশরিফ মাটিতে একটি সাইড ব্যাগ পেল। খুলে দেখে ভেতরে অনেক টাকা, কাপড়চোপড় আর একটি পরিচয়পত্র। তার মনে হলোÑএটা নিশ্চয়ই কারও হারানো জিনিস। সে ভাবল, আমি এটা নিজের কাছে রাখলে অন্যায় হবে।
সে দ্রুত বাজারে গিয়ে লোকজনকে জিজ্ঞেস করতে লাগল, ভাই, কারও সাইড ব্যাগ হারিয়েছে কি? অনেকে অবাক হয়ে তাকাল, কেউ বলল না তাদের নয়। শেষমেশ এক বৃদ্ধ এসে কাঁদতে কাঁদতে বললেন, বাবা, আমার একটা সাইড ব্যাগ হারিয়ে গেছে। ওইটাতেই আমার ওষুধ কেনার টাকা ছিল।
তাশরিফ সাইড ব্যাগটি বৃদ্ধের হাতে দিল। বৃদ্ধ অবাক হয়ে বললেন, বাবা, তুমি এত টাকা পেয়ে ফিরিয়ে দিলে কেন?
তাশরিফ বলল, আমি পরের জিনিস নেব কেন? আল্লাহ অপছন্দ করেন। সততা আল্লাহর সবচেয়ে পছন্দের গুণ। আমি হারাম পথে এক টাকাও নেব না।
বৃদ্ধ খুশিতে চোখের পানি ফেললেন। তিনি তাশরিফকে কিছু টাকা পুরস্কার দিতে চাইলেন, কিন্তু তাশরিফ নিল না। বলল, আপনি আমার জন্য দোয়া করুন, আমি যেন সব সময় সৎ থাকতে পারি।
সেদিন তাশরিফকে সবাই প্রশংসা করল। কেউ কেউ তাকে কাঁধে নিয়ে ঘুরে বেড়াল।







