সোমবার, ০৪ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ০৪ মে ২০২৬, ১১:১৬

সাহিত্য পাতার কবিতা

অনলাইন ডেস্ক

শব্দের অপেক্ষা মাহমুদ হাসান সজীব

অনেক দিন হলো শব্দেরা

আমার ভেতর আর আসে না ঠিকভাবে।

তারা এখন নীরব হয়ে গেছে—

যেন ক্লান্ত পথিক,

যে আর ফেরার ঠিকানা খোঁজে না।

আমি তাকিয়ে থাকি জানালার বাইরে,

আলো আর ছায়ার মাঝখানে

নিজেকে খুঁজে পাই না ঠিক।

সময় শুধু এগিয়ে যায়—

কিন্তু আমি কোথাও থেমে থাকি

অদৃশ্য এক লাইনের ভেতর।

তবুও, মাঝে মাঝে

হঠাৎ কোনো নির্জন বিকেলে

একটা শব্দ কাঁপে ভেতরে

আমি বুঝি,

কবিতা আসলে হারিয়ে যায় না,

শুধু অপেক্ষা করে।

ফুল-বাহার মো. রহমত আলী

ওরে ফুল কচুরিপানা,

তোকে সবাই করে হেলা, তাও তোর অপরূপ ফুলে সবারই মন-ভোলা।

ওরে ঘাসফুল তোর কী ভুল,

সবাই যে তোকে পদতলে পিষে দিতে রোজ হয় মশগুল।

ওরে কাশফুল তোর কী মূল, সবাই দেখে পছন্দ করে খুব; তোকে ছুঁতে মন যে সবারই ব্যাকুল।

ওরে ফুল সরিষা,

তোর রূপে-গুণে তুই রঙিন;

চোখ ধাঁধানো তোর অতুল্য কারিশমা।

ওরে ফুল সূর্যমুখী,

তুই তো দেখি ফুটেই সুখী;

দেখে দেখে তোকে হেসে দেয় দুখী।

ওরে ফুল গাঁদা,

তুই রঙে রঙে গাঁথা হলদে মালা;

তোর মাধুর্যে বিমুগ্ধতার সৌরভ মাখা।

ওরে ফুল রজনীগন্ধা,

তোর সুগন্ধে দিশেহারা সন্ধ্যা;

শুভেচ্ছায় মুখর আনুষ্ঠানিকতা।

ওরে ফুল-গোলাপ তুই কী শরাব,

তোর খুশবুর হাওয়ায় সবাই মাতাল;

তুই প্রিয় সবার, তোর প্রেমে মাতোয়ারা মন।

ওরে ফুল জবা,

কখন প্রিয় তুই কার বা;

তোর খোঁজ তখনই — প্রয়োজন যখনই।

আছে ফুলের বাহার আরো কতো শত,

পদ্ম, শাপলা, বেলি কিংবা হাসনাহেনা;

লিখে শেষ হবে না কভু সৃষ্টিকর্তার মহিমা।

মো. রহমত আলী : খালিশপুর, খুলনা, বাংলাদেশ।

তোমাকে ভেবে ভেবে দেবদাস কর্মকার

আড়ালে ছিলে বহুদিন যেন খুব খুব দূরে

হয়তো হৃদয়ের জ্বর পাইনি একটুও টের

কী সহজে গেছে মুছে কতো কতো কথা

বিস্মৃত কোমল গান্ধারে তা এখনো ওঠে বেজে।

সময়ের স্রোতে ভেসে যায় নদী বুনোঘাস লতাপাতা

দূরের আকাশে ভেসে যায় মেঘের শরীর

মানুষের সভ্যতা নীল পাথুরে জীবনে

কতো মন্দ ভালো মনের ভেতরে করেছি চাষ।

ঘুমে জাগরণে আসিনি কোনোদিন খুব কাছাকাছি

কুণ্ঠাহীন মনে যখোন গিয়েছে বেলা

সেই অবেলায় কী অপূর্ব সুতীক্ষ্ণ বিষাদের তীর

তবু চলমান সংসার, কেউ পাড়ি দেয় অন্তহীন পথ

ধূসর মগ্ন বিকেলে তোমাকেই ভেবে ভেবে

বেঁচে ওঠে যেন এই মুগ্ধ আমার সব অবসর।

৩০ এপ্রিল ২০২৬, ঢাকা, ১৭ বৈশাখ ১৪৩৩

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়