সোমবার, ১৬ মার্চ, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ
  •   হাজীগঞ্জে ৩ ডাকাত গ্রেফতার। পিকআপ সহ দেশীয় অস্ত্র উদ্ধার

প্রকাশ : ১৬ মার্চ ২০২৬, ১২:০২

স্বপন ভঞ্জের বই ‘জোনাকী সন্ধ্যা’

অনলাইন ডেস্ক
স্বপন ভঞ্জের বই ‘জোনাকী সন্ধ্যা’

কবি স্বপন ভঞ্জের প্রথম কাব্যগ্রন্থ ‘জোনাকী সন্ধ্যা’ অমর একুশে বইমেলা-২০২৬-এ প্রকাশিত হয়েছে। বইটি প্রকাশ করেছে পরিবার পাবলিকেশন্স। প্রচ্ছদ করেছেন আফসিন রেজা।

বই সম্পর্কে কবি বলেন- লোকসংস্কৃতি গবেষক কাদের পলাশ ও গবেষক মুহাম্মদ ফরিদ হাসানের পরামর্শে এবং উৎসাহে আমার কবিতাগুলো বই আকারে প্রকাশের উদ্যােগ নিয়েছি এবং তাঁদের অনুপ্রেরণায় ‘জোনাকী সন্ধ্যা’ কাব্যগ্রন্থটি পাঠকের হাতে তুলে দিতে পেরে আজ আমি সত্যিই উদ্বেলিত ও কৃতার্থ। আমি চেষ্টা করেছি লেখকজীবনের সঞ্চিত শব্দগুচ্ছ পাঠকের কাছে পৌঁছে দিতে। কতোটুকু পেরেছি এর বিচারভার পাঠকের হাতে।

৪৮ পৃষ্ঠার বইটিতে মোট ৩৮টি কবিতা স্থান পেয়েছে। বইটি উৎসর্গ করা হয়েছে নতুন প্রজন্মকে, যারা আগামীতে শিল্প, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনকে নতুন আঙ্গিকে বিকশিত করে চাঁদপুরকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গৌরবান্বিত করবেন। বইটির মূল্য রাখা হয়েছে ২০০ টাকা।

সাহিত্য একাডেমি, চাঁদপুর-এর মহাপরিচালক কাদের পলাশ ও একাডেমির পরিচালক (গবেষণা) মুহাম্মদ ফরিদ হাসান লেখক সম্পর্কে বলেন-- স্বপন ভঞ্জ মেঘনা-তীরের উজ্জ্বল মানুষ। সাহিত্যের প্রতি তাঁর নিবেদন ও একনিষ্ঠতা আমাদের মুগ্ধ করে। তিনি ৭১ বসন্ত অতিক্রম করেছেন। অথচ সাহিত্যাঙ্গনে রয়েছে তাঁর সরব পদচারণা। বয়সের শৃঙ্খল তাঁকে কাবু করতে পারেনি। সাহিত্য একাডেমির সাহিত্য সভায় তিনি দীপ্তকণ্ঠে কবিতা পড়েন, আলোচনা করেন। আবার স্মৃতিচারণায় তাঁর মুখ তরুণের মতো উজ্জ্বল হয়ে উঠে--এ সবকিছুই আমাদের কাছে উপভোগ্য। তাঁর প্রথম কাব্য ‘জোনাকী সন্ধ্যা’ প্রকাশ হচ্ছে। এই সংবাদে আমরা অত্যন্ত আনন্দিত। তাঁর বইটির পাঠকপ্রিয়তা কামনা করি।

স্বপন ভঞ্জ। মহান মুক্তিযুদ্ধের বীর সৈনিক। জীবনের ৭১ বসন্ত পেরিয়ে সাহিত্যাঙ্গনে আজও তরুণ তিনি। চাঁদপুরের মতলব দক্ষিণের পূরণ কাশিমপুর গ্রামে জন্ম নেওয়া স্বপন ভঞ্জ নিছক ভালোবাসা ও সখের বশে ১৯৭২ সাল থেকে লেখালেখি শুরু করেন। সাপ্তাহিক চাঁদপুর, রূপসী চাঁদপুর ও চাঁদপুর কণ্ঠে তাঁর লেখা ছাপা হতো নিয়মিত। এছাড়া আঞ্চলিক নানা সাহিত্যপত্র ও দুবাই থেকে প্রকাশিত সোপান ম্যাগাজিনেও অনেক লেখা প্রকাশিত হয়েছে। স্বপন ভঞ্জ সাহিত্য একাডেমি, চাঁদপুর-এর সাধারণ সদস্যসহ আরো বেশ ক’টি সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের সাথে যুক্ত আছেন। সাহিত্যাঙ্গনে তাঁর পদচারণা বেশ সরব। সাহিত্য একাডেমির সাহিত্য সভায় প্রায় নিয়মিতই কবিতা পড়েন, আলোচনাও করেন। একাডেমির সেরা আড্ডারুও নির্বাচিত হয়েছেন একাধিকবার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়