প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৯
কথার স্বাধীনতা
শামীমা আক্তার জেসমিন
শামীমা আক্তার জেসমিন কথার স্বাধীনতা
ভাঁট ফুলে আবার ফাল্গুনী হাওয়া লাগে,
আবার একুশ ফিরে আসে শিমুল রক্ত রাগে,
মায়ের বুকে এখনো সেই হাহাকার, কবর ফুঁড়ে জাগে।
আজ বর্ণমালা ভীষণ রঙিন
মিষ্টি শিশুর ছড়ার বই,
এমন মধুর ছন্দ খুকু, জানো পেলে কই?
বরকতের রক্তমাখা, সালামের টাটকা খুনে,
এই যে রঙিন স্বপ্ন হাজার
রাখছি কি কেউ গুণে?
আমার তোমার কথামালায়Ñজীবন যাদের গাঁথা,
জেনো কাদের রক্ত স্রোতে
পেলেম, কথার স্বাধীনতা?








