প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৮
শোণিতে লেখা ভাষা

আসাদুজ্জামান খান মুকুল শোণিতে লেখা ভাষা
বুকের গভীরে জাগে ভাষার বাণী,
সুখের বারতা দেয় হৃদয়ে আনি।
সযতনে রাখি বুলি, দু’হাতে আঁচল তুলি,
কাব্য-গীতিতে ভুলি সকল গ্লানি,
বাংলা ভাষা আমার অমিয় জানি।বর্ণের মালা গাঁথি প্রাণের সুতে,
আঁধার কাটিয়া যায় আলোর দ্যুতে।
শহীদের মরণ পণে, আমরি বাংলা সনে,
রিনিকি ঝিনিকি মনে সত্য পুতে,
বিজয় ফুটিয়া রয় মাটির চ্যূতে।লেখনীর টানে জাগে স্বপ্ন আশা,
বিশ্বে মহান এ প্রাণের ভাষা।
সবার ভরসা টানে, নতুন কবিতা ভানে,
বাঁচার বারতা আনে জাগায় আশা,
ঘোচায় বিষাদময় ঘোর দুরাশা।শহীদ স্মরণে আজ শির আনত,
স্মৃতিরা জাগিয়া রয় মনে সতত।
পুত সে প্রাতের আলো, সরায়ে সকল কালো,
বাসিব বাংলা ভালো মায়ের মত,
বাঙালি জাগিয়া রয় প্রতিনিয়ত।বুকের শোণিতে কেনা এ সম্মান,
কণ্ঠেতে ওঠে বেজে সুর বিতান।
বাঙালি হৃদয়ে জাগে একুশের অনুরাগে,
শহীদী মহান ত্যাগে,দুলে পরান।
বাংলা ভাষা বাঙালির দানিছে মান।








