প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৭
বাংলার অর্চনা

সামিরা মেহনাজ নুসরাত বাংলার অর্চনা
বর্ণমালা, আমার দুঃখিনী বর্ণমালা,
তুমি যে শত জনমের সাধ;
আরাধ্য জোছনা, ব্যাকুলতা-অভিলাষ
অস্থি মজ্জা, শিরা-উপশিরায় তোমার আবাস।
জানি, অপমান-নিগ্রহের যাতনায়,
আজ বিষাদের অভয়ারণ্য
অবহেলা আর ছলনায় ক্লেশে,
আজ পাহাড়সম দুঃখ তোমার!
তবুও জেনে রেখ
আজ থেকে সহস্র বছর পরে
ফাল্গুনের কোনো বিষণ্ন দুপুর পেরিয়ে
দুর্জনের উপহাস, শত সংকট ঘুচিয়ে
কৃষ্ণচূড়ার ডালে তাকিয়ে কিংবা
সম্ভাবনার দুয়ারে দাঁড়িয়ে
আজ থেকে সহস্র বছর পরে
গিরিপথের চূড়ায়, সাগর নদী পেরিয়ে
লোকালয়ের প্রান্তরে কিংবা
ঘুমন্ত শিশু চিৎকার করে বলে উঠবে
‘মোদের গরব, মোদের আশা
আমরি বাংলা ভাষা’।








