প্রকাশ : ১৭ আগস্ট ২০২৬, ২০:১০
মতলবে ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

মতলব দক্ষিণ উপজেলায় ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেট ও ১ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়। সোমবার (১৭ আগস্ট ২০২৬) সকালে পুলিশের বিশেষ একাধিক অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, উপজেলার নারায়ণপুর গরুর বাজারসংলগ্ন এলাকা থেকে মাছুয়াখাল গ্রামের বোরহান উদ্দিনকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট, মতলব পৌরসভার কলাদী এলাকার পূর্ব কলাদী জামে মসজিদ সংলগ্ন রিনা ও কামালদের তিনতলা বাসার সামনে থেকে কলাদী এলাকার জিহাদ তালুকদার হৃদয় (২৬)কে ৩২ পিস ইয়াবা ট্যাবলেট এবং নারায়ণপুরের ডাটিকারা গ্রামের জনৈক হুমায়ুন কবীরের খাবার হোটেলের সামনের রাস্তা থেকে সারপাড় গ্রামের আসামি মো. রফিককে ১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়।
এদিকে মতলব দক্ষিণ থানা-পুলিশ ও মতলব উপজেলা প্রশাসনের যৌথ মোবাইল কোর্ট পরিচালনাকালে নারায়ণপুর গ্রামের আসামি আয়নাল হক মিয়াজী (২৫)কে ১ পুরিয়া গাঁজাসহ আটক করে এক মাসের কারাদণ্ড ও ১ হাজার টাকা জরিমানা করা হয়।
মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিক বলেন, “আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আজ (সোমবার) দুপুরে তাদের বিজ্ঞ বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে।”








