মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ১৩:১৩

বাবুরহাটে ২৭ ও ২৮ ডিসেম্বর দুই দিনব্যাপী ইসলামী মহাসম্মেলন

সফল ও শান্তিপূর্ণ আয়োজনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

আব্দুল্লাহ আল মামুন
বাবুরহাটে ২৭ ও ২৮ ডিসেম্বর দুই দিনব্যাপী ইসলামী মহাসম্মেলন

চাঁদপুর শহরতলির ঐতিহ্যবাহী বাবুরহাট এলাকায় আগামী ২৭ ও ২৮ ডিসেম্বর ২০২৬, রবিবার ও সোমবার দুই দিনব্যাপী ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। বাবুরহাট উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে আয়োজিত এ সম্মেলন সফল, শান্তিপূর্ণ ও মর্যাদাপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (২৩ নভেম্বর ২০২৬) মাগরিবের নামাজের পর বাবুরহাট বাইতুল ফালাহ জামে মসজিদে মসজিদ কমিটির নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সম্মেলন আয়োজনের সঙ্গে সম্পৃক্ত যুবসমাজের প্রতিনিধিদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় দুই দিনব্যাপী সম্মেলনের সার্বিক ব্যবস্থাপনা, অনুষ্ঠান শুরু ও সমাপ্তির পরিকল্পনা, শৃঙ্খলা রক্ষা এবং মুসল্লিদের নির্বিঘ্নে অংশগ্রহণ নিশ্চিত করার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। গত ১৬ বছর ধরে চলে আসা এ ঐতিহ্যবাহী আয়োজনকে আরও সুন্দর, সুশৃঙ্খল ও গঠনমূলকভাবে সম্পন্ন করতে উপস্থিত সবাই নিজ নিজ মতামত ও পরামর্শ তুলে ধরেন।

উল্লেখ্য, চাঁদপুর জেলার অন্যতম বৃহৎ ধর্মীয় আয়োজন হিসেবে পরিচিত বাবুরহাটের এ ইসলামী মহাসম্মেলন দীর্ঘ ১৬ বছর ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। এতে চাঁদপুর জেলাসহ দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন। দুই দিনব্যাপী সম্মেলনে দেশের প্রখ্যাত আলেম-ওলামাগণ গুরুত্বপূর্ণ ইসলামী বয়ান পেশ করেন। প্রতিবছর এ আয়োজনকে ঘিরে এলাকায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন বাবুরহাট বাইতুল ফালাহ জামে মসজিদ কমিটির সদস্য আরশাদ মজুমদার। সভা পরিচালনা করেন ইসলামী মহাসম্মেলন আয়োজক যুবসমাজের সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম শোভন। এতে উপস্থিত ছিলেন যুবসমাজের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জসিম উদ্দিন খান, এলাকার বিশিষ্ট মুরুব্বী আলহাজ্ব মানিক মাল, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর খান, এ কে এম ফজলুল হক সেলিম, মাওলানা জাহিদুল ইসলাম, সমাজসেবক ও রাজনীতিবিদ মহাসিন মজুমদার লিটন, সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন মাস্টার, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ দেলোয়ার খান, মোঃ জসিম মাল, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন, আব্দুর রহমান মাল, কাকন খান, মোক্তার হোসেন পাটোয়ারী, মাসুদ মাল, রমজান বেপারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজের প্রতিনিধিরা।

সভা শেষে বাবুরহাট বাইতুল ফালাহ জামে মসজিদের ইমাম মাওলানা মুফতি ফারুক আহমেদ মোনাজাত পরিচালনা করেন। এ সময় তিনি দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং ঐতিহ্যবাহী বাবুরহাট ইসলামী মহাসম্মেলনের সার্বিক সফলতা কামনা করে বিশেষ দোয়া করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়