রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৬, ২১:৩৬

প্রবাসীর পথ অবরুদ্ধের প্রতিবাদে মতলব উত্তরে মানববন্ধন, জামায়াত নেতার ভিন্ন দাবি

প্রবাসীর পথ অবরুদ্ধের প্রতিবাদে মতলব উত্তরে মানববন্ধন, জামায়াত নেতার ভিন্ন দাবি
ছবি ক্যাপশন: মতলব উত্তরে প্রবাসীর বসতবাড়ির পথ অবরুদ্ধ করে রাখার প্রতিবাদে স্থানীয় ও ভুক্তভোগী পরিবারের মানববন্ধন।
মতলব উত্তর ব্যুরো

মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের গাজীরগাছখোলা গ্রামে এক সৌদি প্রবাসীর বসতবাড়ির প্রবেশপথে বাঁশের বেড়া দিয়ে যাতায়াতের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে জামায়াত নেতা ও ছেঙ্গারচর পৌরসভার মেয়র প্রার্থী আবদুল হাই শিকদারের বিরুদ্ধে। এর ফলে প্রবাসীর পরিবারটি অবরুদ্ধ হয়ে পড়েছেন বলে দাবি ভুক্তভোগীদের।

এ ঘটনার প্রতিবাদে এবং অবরুদ্ধ পথ উন্মুক্ত করার দাবিতে রোববার (১৮ অক্টোবর ২০২৬) বিকেলে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী এক প্রতিবাদ মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, বসতবাড়ির মূল প্রবেশমুখে বাঁশের বেড়া দেওয়ায় পরিবারের সদস্যরা বিশেষ করে স্কুলপড়ুয়া শিশুরা চরম দুর্ভোগের শিকার হচ্ছে। তাদের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে অবিলম্বে এই বেড়া অপসারণের দাবি জানান তারা।

ভুক্তভোগী প্রবাসী মামুন মোল্লার স্ত্রী আঁখি আক্তার অভিযোগ করে বলেন, "আমার স্বামী দীর্ঘদিন ধরে সৌদিতে কঠোর পরিশ্রম করে বাড়িটি নির্মাণ করেছেন। সম্প্রতি বাড়িতে প্রবেশের জন্য প্রধান ফটক (গেট) নির্মাণের উদ্যোগ নিলে হঠাৎ প্রবেশমুখে বাঁশের বেড়া দিয়ে পথ আটকে দেওয়া হয়। বাড়িতে কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ না থাকায় আমরা চরম নিরাপত্তাহীনতা ও বিপাকে পড়েছি। আমার ছেলে সাইকেল নিয়ে বের হতে পারছে না, তাকে প্রায় দুই কিলোমিটার পথ হেঁটে স্কুলে যেতে হচ্ছে।"

অন্যদিকে উত্থাপিত অভিযোগের বিষয়ে জানতে চাইলে আবদুল হাই শিকদার বলেন, "জমিটি আমার নিজস্ব। সেখানে আমাদের পারিবারিক কবরস্থান রয়েছে। মূলত কবরস্থানের সীমানা ও নিরাপত্তার স্বার্থেই বেড়া দেওয়া হয়েছে, কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়।"

এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় টানটান উত্তেজনা ও পারিবারিক বিরোধের সৃষ্টি হয়েছে। একদিকে ভুক্তভোগী পরিবারের চলাচলের অধিকার হরণের অভিযোগ, অন্যদিকে জমির মালিকানা ও কবরস্থানের সুরক্ষার দাবি—দুই পক্ষের বিপরীতমুখী অবস্থানে এলাকাবাসীর মধ্যে গুঞ্জন তৈরি হয়েছে।

স্থানীয়রা জানান, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জমির প্রকৃত মালিকানা ও যাতায়াতের পথ চিহ্নিত করে প্রবাসীর পরিবারের স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসনিক কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ জরুরি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়