বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬, ২০:৩০

দৈনিক শপথের ৮ম বর্ষে পদার্পণ

দক্ষতা উন্নয়ন কর্মশালা ও তিন প্রতিনিধিকে সম্মাননা

বিশেষ প্রতিনিধি।।
দক্ষতা উন্নয়ন কর্মশালা ও তিন প্রতিনিধিকে সম্মাননা

গুণীজনের সান্নিধ্য, সহকর্মীদের উৎসবমুখর মিলনমেলা এবং পেশাগত দক্ষতা উন্নয়নের প্রত্যয়ে উদযাপিত হলো চাঁদপুর থেকে প্রকাশিত জনপ্রিয় পত্রিকা ‘দৈনিক শপথ’-এর অষ্টম বর্ষে পদার্পণ অনুষ্ঠান। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিলো সাংবাদিকদের পেশাগত দক্ষতা উন্নয়ন কর্মশালা, মতবিনিময় সভা, তিন প্রতিনিধিকে বিশেষ সম্মাননা প্রদান এবং কেক কাটা। এতে চাঁদপুর জেলা প্রশাসনের কর্মকর্তা, জ্যেষ্ঠ সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি এবং দৈনিক শপথ পরিবারের সদস্যরা অংশ নেন।

অনুষ্ঠানের শুরুতে দৈনিক শপথের সম্পাদক কাদের পলাশ তাঁর শুভেচ্ছা বক্তব্যে বলেন, পাঠকের অবিচল আস্থা ও বিশ্বাসকে সম্বল করে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দৈনিক শপথকে আরও এগিয়ে নিতে হবে। সংবাদে সত্যতা, নিজস্বতা ও অনুসন্ধানী দৃষ্টিভঙ্গি বজায় রাখাই আমাদের প্রধান লক্ষ্য। দিনব্যাপী দক্ষতা উন্নয়ন কর্মশালা : পত্রিকার সাংবাদিকদের পেশাগত মান বৃদ্ধিতে দিনব্যাপী বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রথম সেশনে ‘সংবাদ সংগ্রহ ও সংবাদ লেখার কৌশল’ বিষয়ে সেশন পরিচালনা করেন চাঁদপুরের জ্যেষ্ঠ সাংবাদিক ও প্রশিক্ষক কাজী শাহাদাত। তিনি সংবাদের বস্তুনিষ্ঠতা, সঠিক তথ্য উপস্থাপনের কৌশল, আকর্ষণীয় সংবাদ কাঠামো এবং মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের ব্যবহারিক দিক তুলে ধরেন।

দ্বিতীয় সেশনে ‘অনুসন্ধানী সংবাদের জন্য তথ্য সংগ্রহ কৌশল ও প্রয়োগ’ বিষয়ে আলোচনা করেন জ্যেষ্ঠ সাংবাদিক ও প্রশিক্ষক মিজান মালিক। তিনি তথ্যের উৎস যাচাইকরণ, দাপ্তরিক নথিপত্র সংগ্রহ ও বিশ্লেষণ, তথ্যের সত্যতা নিশ্চিত করা এবং ঝুঁকি এড়িয়ে দায়িত্বশীলভাবে অনুসন্ধানী প্রতিবেদন প্রস্তুতের বিভিন্ন কৌশল ব্যাখ্যা করেন।

তিন প্রতিনিধিকে সম্মাননা স্মারক : সংবাদে নিজস্বতা বজায় রাখা ও মাঠপর্যায়ে পেশাগত দক্ষতার স্বীকৃতিস্বরূপ পত্রিকার তিনজন প্রতিনিধিকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্তরা হলেন—দৈনিক শপথের স্টাফ রিপোর্টার ও কচুয়া প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আতাউল করিম, স্টাফ রিপোর্টার আমানুল্লাহ খান ফারাবী এবং স্টাফ রিপোর্টার ও এশিয়ান টেলিভিশনের চাঁদপুর প্রতিনিধি সুমন আহমেদ। .

মুক্ত আলোচনা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা : কর্মশালা শেষে মুক্ত আলোচনা সেশনে গণমাধ্যমের পরিবর্তনশীল প্রেক্ষাপটে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও পত্রিকার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত মতবিনিময় করা হয়। বক্তারা বলেন, যুগের সাথে তাল মিলিয়ে সাংবাদিকতার ধরণ পরিবর্তিত হলেও সত্যনিষ্ঠ ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমেই মানুষের আস্থা ধরে রাখতে হবে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. কবির হোসেন সরদার, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) প্রবীর, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সাবেক সভাপতি রহিম বাদশা, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক তালহা জুবায়ের, চাঁদপুর পৌর শহীদ জাবেদ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. ওমর ফারুক, চাঁদপুর প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সাধারণ সম্পাদক জিএম শাহীন এবং চাঁদপুর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের উপাধ্যক্ষ মো. ইব্রাহিম খলিল হেলাল।

দৈনিক শপথের সম্পাদক কাদের পলাশের সঞ্চালনায় আয়োজনে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ ফরিদ হাসান, সম্পাদকীয় প্রধান আবু ইউসুফ, বার্তা সম্পাদক নজরুল ইসলাম আতিক, সহ-সম্পাদক বিল্লাল ঢালী, মেহেদী হাসান সম্রাট, খোকন চন্দ্র কর্মকার, ব্যবস্থাপনা সম্পাদক ফখরুল ইসলাম টিটো, সাহিত্য সম্পাদক ম. নূরে আলম পাটোয়ারী এবং বিশেষ প্রতিনিধি আতিকুর রহমান রুবেল, সুমন কুমার দত্ত ও রিয়াজ শাওন। এছাড়া সিনিয়র স্টাফ রিপোর্টার মো. আরিফুল ইসলাম, স্টাফ রিপোর্টার মেহেদী হাসান পাপ্পু, মোহাম্মদ জামাল হোসেন, মো. সবুজ হোসেন, মো. শেখ ফরিদ, মানিক দাস, ইসহাক ইসলাম জায়ানসহ পত্রিকার চাঁদপুরস্থ জেলা ও উপজেলা প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শেষ পর্বে চ্যানেল-৯-এর প্রধান নির্বাহী কর্মকর্তা, বিশিষ্ট সাংবাদিক ও চলচ্চিত্র নির্মাতা হাসিবুর রেজা কল্লোল উপস্থিত হয়ে শুভেচ্ছা জানান এবং উৎসবের সমাপনীতে ভিন্নমাত্রা যোগ করেন। পরবর্তীতে আমন্ত্রিত অতিথি ও সহকর্মীদের সাথে নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়