প্রকাশ : ২৬ আগস্ট ২০২৬, ১৫:৩৬
চাঁদপুর সরকারি মহিলা কলেজে ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন

বুধবার (২৬ আগস্ট ২০২৬) চাঁদপুর সরকারি মহিলা কলেজ মিলনায়তনে ১২ রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি উপলক্ষে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) স্মরণে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
|আরো খবর
দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরবর্তীতে সকাল ১০ টায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনীর ওপর হামদ-নাত ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের মূল পর্বে দ্বাদশ শ্রেণির মানবিক বিভাগের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌসের কুরআন তিলওয়াতের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমানের সভাপতিত্বে এবং ইংরেজি বিভাগের প্রভাষক ও শিক্ষক পরিষদের যুগ্ম সম্পাদক মো. সাইদুল ইসলামের সঞ্চালনায় মহানবী (সা.)-এর জীবন ও কর্মের ওপর বক্তব্য রাখেন উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. ইকবালুর রহমান, শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ এনামুল হক, ভূগোল ও পরিবেশ বিভাগের প্রধান প্রফেসর ড. মো. মাসুদ হোসেন, অর্থনীতি বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মো. মহিউদ্দিন, সমাজকর্ম বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মোহাম্মদ ফয়জুর রহমান, রসায়ন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক মোহাম্মদ আফসার আলী শিকদার, হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ ফিরোজ আলম চৌধুরী এবং ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোসা. আবজম খানম।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মো. মাসুদুর রহমান বলেন, "মহানবী (সা.)-এর নূরের আলোতে বিশ্ব আলোকিত হয়েছিলো। তাঁর ওপর নাজিল হয়েছে আসমানি গ্রন্থ পবিত্র কুরআন। তিনি এসেছিলেন আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের আলো হয়ে; তিনি ছিলেন সত্যবাদী তথা আল-আমিন। রহমাতুল্লিল আলামিন আমাদের জন্যে নিয়ে এসেছেন পরিপূর্ণ জীবনব্যবস্থা 'ইসলাম'। প্রিয় শিক্ষার্থীরা হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী ও কর্ম অনুসরণ করে আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠবে—এই প্রত্যাশা করি।"
আলোচনাশেষে হামদ-নাত ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরবর্তীতে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আবদুল মান্নান মিয়া।
উক্ত মিলাদ ও দোয়া অনুষ্ঠানে কলেজের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থীসহ বিএনসিসি, রেড ক্রিসেন্ট ও গার্লস ইন রোভারের সদস্যরা উপস্থিত ছিলেন।-প্রেস বিজ্ঞপ্তি।








