প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ১৬:১৭
নিজ খরচে ৩০০ মিটার রাস্তা মেরামত করে প্রশংসিত মতলব উত্তরের এক ইউপি সদস্য পদপ্রার্থী

মতলব উত্তর উপজেলার ১২ নম্বর ফরাজীকান্দি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে যাতায়াতের কষ্ট দূর করতে এগিয়ে এলেন স্থানীয় ইউপি সদস্য (মেম্বার) পদপ্রার্থী আব্দুস সালাম। উদমদী বেড়িবাঁধ সড়ক থেকে নাসিমা মেম্বারের বাড়ি পর্যন্ত বিস্তৃত প্রায় ৩০০ মিটারের কাঁচা ও খানাখন্দে ভরা সড়কটি তিনি সম্পূর্ণ ব্যক্তিগত খরচে সংস্কার করেছেন।
|আরো খবর
শুক্রবার (৭ আগস্ট ২০২৬) সকালে আব্দুস সালাম নিজে উপস্থিত থেকে স্থানীয়দের সাথে নিয়ে রাস্তাটির মেরামতের কাজ সম্পন্ন করেন। দীর্ঘদিন ধরে চরম ভোগান্তিতে থাকা ওই পথের বাসিন্দারা সড়কটি চলাচলের উপযোগী হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন।
নিজের অনুভূতি প্রকাশ করে আব্দুস সালাম জানান, "আমি মূলতঃ একজন ব্যবসায়ী, তবে আমার মূল লক্ষ্য সাধারণ মানুষের পাশে দাঁড়ানো। জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হতে পারি বা না পারি—জনকল্যাণ ও মানবিক কাজে নিজেকে নিয়োজিত রাখার এই চেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
এলাকাবাসীর তথ্যমতে, এই পথ দিয়ে নিয়মিত স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক ও ব্যবসায়ীসহ শত শত মানুষ যাতায়াত করতেন। রাস্তাটি দীর্ঘদিন বেহাল অবস্থায় পড়ে থাকায় যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। বর্তমান সংস্কারের ফলে যানবাহন ও পথচারী চলাচল অনেক সহজ ও নিরাপদ হয়েছে।
স্থানীয় প্রবীণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ বলেন, কোনো পদে না বসেই সাধারণ মানুষের দুর্ভোগ চিহ্নিত করে নিজ খরচে এমন উদ্যোগ নেওয়া সত্যিই বিরল ও প্রশংসনীয়। তাঁর এই মানবিক ও সামাজিক দায়বদ্ধতামূলক কাজ অন্যদের জন্যে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। সংস্কারকাজে গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থেকে তাঁর প্রতি কৃতজ্ঞতা জানান।








