প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ২২:১৮
২৩ বার রক্তদান করে সম্মাননা পেলেন শাহমাহমুদপুর ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা এমএ কুদ্দুস রোকন

মানবতার সেবায় ধারাবাহিক অবদানের স্বীকৃতি হিসেবে সর্বোচ্চ রক্তদাতাদের সেরা ১০ জনের একজন হিসেবে সম্মাননা স্মারক পেলেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এমএ কুদ্দুস রোকন।
|আরো খবর
শুক্রবার (৩১ জুলাই ২০২৬) চাঁদপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত প্রভাত যুব সমাজকল্যাণ সংস্থার ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান তার হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
সরকারি দায়িত্ব পালনের ব্যস্ততার মাঝেও মানবসেবাকে নিজের জীবনের অন্যতম অঙ্গ হিসেবে নিয়েছেন এমএ কুদ্দুস রোকন। এখন পর্যন্ত তিনি ২৩ বার স্বেচ্ছায় রক্তদান করেছেন। অসহায় ও মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে যখনই রক্তের প্রয়োজন হয়েছে, তখনই তিনি কোনো প্রকার স্বার্থের কথা না ভেবে সাড়া দিয়েছেন।
সম্মাননা গ্রহণের পর প্রতিক্রিয়ায় এমএ কুদ্দুস রোকন বলেন, রক্ত দিতে পারা আমার জন্যে অত্যন্ত গর্বের বিষয়। একজন মানুষ যখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকে, তখন তার পাশে দাঁড়িয়ে সহযোগিতা করতে পারার যে মানসিক শান্তি ও আনন্দ, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।
তিনি আরও বলেন, একবার এক অসহায় দরিদ্র রোগীকে রক্ত দেয়ার পর তার স্বজন আমাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েছিলেন। সেই মুহূর্তের অনুভূতি আজও আমাকে মানবসেবায় অনুপ্রাণিত করে। মানুষের মুখে হাসি ফোটানোর চেয়ে বড় প্রাপ্তি আর কিছু হতে পারে না।
৪৮ বছর বয়সী এমএ কুদ্দুস রোকন জানান, তার রক্তের গ্রুপ এবি পজিটিভ । চিকিৎসাগতভাবে রক্তদানের উপযুক্ত সময় হলেই এবং কেউ রক্তের প্রয়োজন জানালে তিনি কোনো প্রশ্ন ছাড়াই সহযোগিতার জন্যে ছুটে যান।
সমাজের প্রতি দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ থেকে তিনি ভবিষ্যতেও রক্তদান অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তার এই মানবিক উদ্যোগ অন্যদেরও স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধ করবে বলে অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা আশা প্রকাশ করেন।








