মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য
ব্রেকিং নিউজ

প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০২:১২

অঙ্গীকার' লেকের গাইড ওয়াল ঘেঁষে রেল লাইনের পাশ হকারদের দখলে! উদ্বেগজনক পরিস্থিতি

তাইয়্যেব
অঙ্গীকার' লেকের গাইড ওয়াল ঘেঁষে রেল লাইনের পাশ হকারদের দখলে! উদ্বেগজনক পরিস্থিতি

কিছুদিন আগেও হাসান আলী হাই স্কুল মাঠ ও আশপাশের এলাকা ফুচকা ও চটপটির হকারদের দখল ছিলো। মাঠে বাউন্ডারি নির্মাণের পর হকাররা স্থান পরিবর্তন করে মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য 'অঙ্গীকার' সম্বলিত লেকের দক্ষিণ পাড়ে রেললাইনের পাশ ঘেঁষে দোকান বসাতে শুরু করেছে। বর্তমানে শহীদ মিনার থেকে ছায়াবাণী মোড়ের মসজিদ পর্যন্ত লেকের গাইড ওয়ালের পাশের অধিকাংশ স্থানই ফুচকা-চটপটির অস্থায়ী দোকানের দখলে চলে গেছে।

এ বিষয়ে চাঁদপুর কোর্ট স্টেশনে কর্মরত রেল কর্মচারী গোপীনাথ মজুমদার জানান, এরা তো অবৈধভাবে এখানে ব্যবসা করছে। তবে আমি অফিসে চিঠি লিখবো। ঊর্ধ্বতন কর্মকর্তারা যে সিদ্ধান্ত নেবেন, সেটাই হবে। কারণ, এটি রেলওয়ের এলাকা। এ বিষয়ে আর কিছু বলতে পারবো না। আমি জানি এখানে ব্যবসা চলছে।

জানা যায়, লেকের সৌন্দর্য বৃদ্ধি ও রেললাইন সুরক্ষার জন্যে রেল কর্তৃপক্ষ গাইড ওয়াল নির্মাণ করে। পাশাপাশি সৌন্দর্য বর্ধনের জন্যে বিভিন্ন প্রজাতির গাছও রোপণ করা হয়েছিল বেশ ক'বার। তবে দোকান বসানোর কারণে অনেক স্থানের গাছ উপড়ে ফেলা হয়েছে বলে দেখা যায়।

স্থানীয়দের মতে, প্রতিদিন অনেক মানুষ এখানে আসার ফলে গাইড ওয়ালের পাশের মাটি দেবে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। এতে গাইড ওয়ালের স্থায়িত্ব হুমকির মুখে পড়েছে এবং যে কোনো সময় বড়ো ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

অনেকেই ছোট ছোট শিশু নিয়ে লেকের পাড়ে বসেন আর ফুচকা-চটপটি খান। অনাকাঙ্ক্ষিতভাবে শিশুদের লেকে পড়ে যাওয়ার ঘটনাও ঘটতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

পথচারীদের কয়েকজন জানান, আগে এখানে নিরিবিলি পরিবেশে বসার সুযোগ ছিলো। কিন্তু বর্তমানে হকারদের দখলে সেই পরিবেশ নষ্ট হয়ে গেছে। খাবারের উচ্ছিষ্ট লেকের পানিতে ফেলতে দেখা যায়। এতে লেকের পানি দূষিত হচ্ছে। একই সঙ্গে রেললাইনের খুব কাছাকাছি মানুষের ভিড় বাড়ায় সম্ভাব্য রেল দুর্ঘটনার ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে।

স্থানীয়রা এমন পরিস্থিতিকে উদ্বেগজনক বলছেন এবং লেকের সৌন্দর্য ও নিরাপত্তা রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়