প্রকাশ : ২৩ জুন ২০২৬, ১৯:৩৮
মসজিদের খতিবগণ সামাজিক অস্থিরতার বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরুন
----অতিরিক্ত জেলা প্রশাসক মো. এরশাদ উদ্দিন

চাঁদপুরে জেলা পর্যায়ে সরকারি যাকাত ফান্ডের চেক বিতরণ এবং সদর উপজেলার শিক্ষক ও কেয়ারটেকারদের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ জুন ২০২৬) সদর উপজেলা মডেল মসজিদের হলরুমে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. এরশাদ উদ্দিন।
|আরো খবর
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জুমার নামাজের খুতবা ও বয়ানের মাধ্যমে সমাজের বিভিন্ন ব্যাধি, নৈতিক অবক্ষয়, মাদকাসক্তি, কিশোর অপরাধ, দুর্নীতি এবং সামাজিক অস্থিরতার বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরতে হবে। তিনি বলেন, মসজিদের খতিবরা সমাজ পরিবর্তনের অন্যতম পথপ্রদর্শক। তাদের বক্তব্যের মাধ্যমে মানুষ সচেতন হয় এবং নৈতিক মূল্যবোধ চর্চায় উদ্বুদ্ধ হয়। তাই খুতবায় ধর্মীয় শিক্ষার পাশাপাশি সমসাময়িক সামাজিক সমস্যাগুলোও গুরুত্বের সঙ্গে তুলে ধরা প্রয়োজন।
সভায় সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুরের উপ-পরিচালক মো. সেলিম সরকার। তিনি বলেন, ইসলামিক ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ধর্মীয় ও নৈতিক শিক্ষা বিস্তারে কাজ করা হচ্ছে। সমাজে শান্তি, সম্প্রীতি ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় মসজিদের ইমাম, খতিব, শিক্ষক ও কেয়ারটেকারদের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুরের ফিল্ড অফিসার মো. বিল্লাল হোসেন। তিনি সরকারি যাকাত ফান্ডের কার্যক্রম, মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রম এবং শিক্ষক-কেয়ারটেকারদের দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা ফিল্ড সুপারভাইজার মো. জুলফিকার হাসান মুরাদ, সদর উপজেলা মডেল মসজিদের কেয়ারটেকার মোহাম্মদ ওবায়দুর রহমানসহ ইসলামিক ফাউন্ডেশন চাঁদপুরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
সভায় চাঁদপুর সদর উপজেলার শতাধিক মসজিদের খতিব, মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের শিক্ষক এবং কেয়ারটেকাররা অংশগ্রহণ করেন। সভায় মাসিক কার্যক্রম পর্যালোচনা, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ এবং বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।
সভাশেষে সরকারি যাকাত ফান্ডের আওতায় নির্বাচিত উপকারভোগীদের মাঝে চেক বিতরণ করা হয়। পরে দেশ, জাতির কল্যাণ এবং মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।






