প্রকাশ : ১২ জুন ২০২৬, ২২:৪৯
মতলব উত্তরে মাদক, কিশোর গ্যাং ও ইভটিজিংয়ের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন

মতলব উত্তর উপজেলার বাগানবাড়ি ইউনিয়নের গালিমখাঁ গ্রামবাসীর আয়োজনে শুক্রবার (১২ জুন ২০২৬) বিকেলে দক্ষিণ গালিম খাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মাদক, কিশোর গ্যাং ও ইভটিজিংয়ের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে এক মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
|আরো খবর
আয়োজিত এ অনুষ্ঠানে টিপু সরকারের সভাপতিত্বে এবং উপজেলা যুবদল নেতা শাহীন খানের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মনজুর আমিন স্বপন। তিনি মাদকের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেন, মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হলে প্রথমে আমাদের পরিবারকে সচেতন হতে হবে। সন্ধ্যার পর বিনা কারণে রাস্তায় ঘুরতে দেখলে প্রশাসনিকভাবে ব্যবস্থা নেয়া হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব উত্তর থানার এসআই সুমন ও মহসিন ভূঁইয়া। এছাড়া সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন ফজলুল খানসহ আরো অনেকে।
এলাকা থেকে সব ধরনের সামাজিক ব্যাধি দূর করার এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করেন অনুষ্ঠানে উপস্থিত সকল ব্যক্তিবর্গ। উপস্থিত ছিলেন মানিক বেপারী, ওয়াদুদ খান, হালিম ভূঁইয়া, মনির ভূঁইয়া, জাকির সরকার এবং স্বপন জমাদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাধারণ জনগণ। মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তোলার শপথ নিয়ে সভার সমাপ্তি ঘটে।







