প্রকাশ : ০৯ জুন ২০২৬, ২২:০৬
গণমাধ্যম ও নাট্যকর্মী জাহাঙ্গীর আলম হৃদয়কে হাজীগঞ্জ প্রেসক্লাবের সম্মাননা স্মারক প্রদান

চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি, গণমাধ্যম ও নাট্যকর্মী রোটা. মো. জাহাঙ্গীর আলম হৃদয়কে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। হাজীগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে মঙ্গলবার (৯ জুন ২০২৬) দুপুরে সভাপতি খালেকুজ্জামান শামীম ও সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার তাঁর হাতে শুভেচ্ছা ও সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্লাহ, প্রচার সম্পাদক মো. হুমায়ুন কবির, শাহরাস্তি প্রেসক্লাবের সদস্য ছিদ্দিকুর রহমান নয়ন ও সংবাদকর্মী জসিম উদ্দিনসহ অন্যান্য সংবাদকর্মী উপস্থিত ছিলেন। সম্মাননা প্রদানকালে জাহাঙ্গীর আলম হৃদয় তাঁর রচিত 'স্মৃতি সমাহার' বইটি প্রেসক্লাব নেতৃবৃন্দ ও সংবাদকর্মীদের হাতে তুলে দেন।
|আরো খবর
উল্লেখ্য, রোটা. মো. জাহাঙ্গীর আলম হৃদয়ের জন্ম ১৯৮১ সালের ১ জানুয়ারি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার পৌর ১১নং ওয়ার্ডের কৃষ্ণপুর পাটোয়ারী বাড়িতে। তাঁর বাবা মরহুম আব্দুল খালেক পাটোয়ারী (সাবেক সরকারি কর্মকর্তা), মা মরহুমা ফিরোজা বেগম (শিক্ষানুরাগী)। তিনি স্কুলজীবন থেকে লেখালেখির সঙ্গে যুক্ত আছেন। কবিতা, নাটক, প্রবন্ধ ও কলাম মিলিয়ে তাঁর পাঁচ শতাধিক লেখা জাতীয় দৈনিক, স্থানীয় দৈনিক ও ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে।
তাঁর লেখা মঞ্চনাটকের মধ্যে উল্লেখযোগ্য : ওরা বেঈমান, প্রত্যাশা, আশার আলো, রূপকার, রেলগাড়ি ইত্যাদি। তিনি ১৯৯৬ সালে প্রতিষ্ঠা করেন চাঁদপুর শাহরাস্তি অপরূপা নাট্যগোষ্ঠী এবং ২০১৪ সালে প্রতিষ্ঠা করেন সৌদি আরব রিয়াদ বাংলাদেশ থিয়েটার। অসংখ্য সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত আছেন রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়।
তিনি বর্তমানে সৌদি আরবের রাজধানী রিয়াদে বসবাস করছেন। প্রবাসে স্যাটেলাইট চ্যানেল মোহনা টেলিভিশন, দৈনিক চাঁদপুর কণ্ঠ ও পাক্ষিক প্রবাস মেলা পত্রিকার সৌদি আরব প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি চাঁদপুর প্রেসক্লাবের আজীবন সদস্য, চাঁদপুর রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য, রোটারী ক্লাব অব চাঁদপুর হিলশা সিটির প্রতিষ্ঠাতা সদস্য, শাহরাস্তি প্রেসক্লাবের সহ-সভাপতি এবং সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। কর্মজীবনে তিনি সৌদি আরব রিয়াদ বাংলাদেশ দূতাবাস অনুমোদিত প্রবাসী সেবা কেন্দ্র ইডিসির মার্কেটিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন। মঞ্চনাটকের পাশাপাশি তিনি বেশ ক'টি টেলিভিশন নাটকে অভিনয় করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য মোশারফ করিম ও জাহাঙ্গীর আলম হৃদয় অভিনীত নাটক 'পুতুলের সংসার'। ফারহান আহমেদ জুভান, তানজিন তিশা ও জাহাঙ্গীর আলম হৃদয় অভিনীত নাটক 'ইন্টারভিউ'সহ ২০১৯ সালে দুটি নাটক বাংলাদেশের জনপ্রিয় স্যাটেলাইট চ্যানেল বাংলাভিশনে প্রচারিত হয়েছে। সামাজিক ও মানবকল্যাণমূলক কাজের স্বীকৃতিস্বরূপ চট্টগ্রাম প্রথম আলো বন্ধুসভা এবং দৈনিক আমার দেশ পাঠক মেলায় তিনি সম্মাননা পেয়েছেন। বাল্যবিবাহ, মাদকমুক্ত সমাজ, যৌতুক প্রথা বন্ধ এবং সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত সমাজ গড়ার ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ২০০৬ সালে পেয়েছেন অপরূপা নাট্য সম্মাননা। একই বছর চ্যানেল আই আয়োজিত কুইজ প্রতিযোগিতায় চাঁদপুর জেলা থেকে 'তারকা আড্ডা' অনুষ্ঠানে অংশ নিয়ে সম্মাননা পেয়েছেন।
২০০৪ সালে 'জয়গুনের কথা' নাটক মঞ্চস্থ করায় পেয়েছেন ব্র্যাক এনএনপি সম্মাননা। গ্রামে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে, গ্রামের উঠোনে ও হাটবাজারে নাটিকা মঞ্চস্থ করেছেন। গ্রামীণ প্রকল্পের রেইন ওয়াটার হার্ভেস্টিং এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে ইউনিসেফের অর্থায়নে নাটিকা 'প্রত্যাশা' মঞ্চস্থ করে সম্মাননা পেয়েছেন।
তিনি নোয়াখালী পল্লী উন্নয়ন একাডেমি এবং কুমিল্লা পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) নাট্যকর্মশালায় অংশ নিয়ে নাট্য সম্মাননা পেয়েছেন। শাহরাস্তি শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমির সঙ্গে সংস্কৃতি সংগঠক হিসেবে কাজ করেছেন তিনি। ২০১৬ সালে দৈনিক চাঁদপুর কণ্ঠ পাঠক ফোরাম লেখক সম্মাননা এবং ২০১৭ সালে সাংবাদিক ও নাট্যকার হিসেবে শাহরাস্তি উপজেলা প্রশাসন কর্তৃক বিজয় শুভেচ্ছা স্মারক সম্মাননা পেয়েছেন। ২০১৯ সালে সাংস্কৃতিক সংগঠক হিসেবে চাঁদপুর চতুরঙ্গ সাংস্কৃতিক সম্মাননা পেয়েছেন। ২০১৭ সালে সৌদি আরব রিয়াদ বাংলাদেশ দূতাবাস কর্তৃক অভিনয় ও নাটক লেখায় বিশেষ অবদান রাখায় নাট্য সম্মাননা পেয়েছেন। ২০২৩ সালে চাঁদপুর ড্রামা সংগঠন কর্তৃক এবং ২০২৪ সালে ঢাকা চন্দ্রকলা থিয়েটার কর্তৃক প্রবাসের মাটিতে নাটকের ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় চন্দ্রকলা নাট্য সম্মাননা পেয়েছেন।
এ ছাড়া ২০২৫ সালে সৌদি আরব রিয়াদ বাংলাদেশ থিয়েটার কর্তৃক নাট্য সম্মাননা ও প্রবাসী সাংবাদিক সম্মাননা পেয়েছেন। প্রবাসী সাংবাদিক ও নাট্যকার হিসেবে বিশেষ অবদান রাখায় বৈশাখী টিভি, আর টিভি ও মোহনা টিভি সম্মাননা এবং প্রবাসের গল্প লেখক সম্মাননা ২০২৫ পেয়েছেন।রোটা. জাহাঙ্গীর আলম হৃদয় দেশের বেশ কিছু স্যাটেলাইট চ্যানেলে বিভিন্ন বিষয়ে টকশোতে অংশ নিয়েছেন। এর মধ্যে উল্লেখযোগ্য : বাংলাভিশন, মোহনা টেলিভিশন, আর টিভি, নিউজ ২৪ ও বাংলা টিভি। প্রবাসের মাটিতে বিভিন্ন টেলিভিশন ও সামাজিক অনুষ্ঠানে সাংস্কৃতিক উপস্থাপক হিসেবে উপস্থাপনা করে পেয়েছেন দর্শকের ভালোবাসা।








