প্রকাশ : ০১ জুন ২০২৬, ১২:৫৮
ঈদুল আজহা ও সংগঠনের বর্ষপূর্তি উপলক্ষে
বিষ্ণুপুরে তারুণ্য সেবা সামাজিক সংগঠনের বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পেইন সম্পন্ন

পবিত্র ঈদ-উল-আযহা ও সংগঠনের এক বছর পূর্তি উপলক্ষে চাঁদপুর জেলার ১নং বিষ্ণুপুর ইউনিয়নে “বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্পেইন-২০২৬” অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সামাজিক সংগঠন “তারুণ্য সেবা সামাজিক সংগঠন”-এর উদ্যোগে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। আয়োজক সূত্রে জানা যায়, গত ৩১ মে ২০২৬, রবিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত এবং বিরতির পর দুপুর ১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এ চিকিৎসা সেবা কার্যক্রম পরিচালিত হয়। ক্যাম্পেইনটি ১নং বিষ্ণুপুর ইউনিয়নের হযরত শাহজালাল (রহ.) জামে মসজিদ মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।
এই ক্যাম্পেইনে মোট ২৭০ জন সাধারণ মানুষকে সম্পূর্ণ বিনামূল্যে বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রদান করা হয়। এর মধ্যে ছিল রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ পরিমাপ এবং ওজন নির্ধারণের সুবিধা। ক্যাম্পেইনে অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত থেকে রোগীদের সেবা প্রদান করেন। সেবাদানকারী চিকিৎসকদের মধ্যে ছিলেন ডাঃ তাহমিনা আক্তার শাম্মী, ডাঃ মোঃ সজীব হাওলাদার, ডা. মোহাম্মদ জুনায়েদ প্রধানীয়া এবং ডঃ শামীম চৌধুরী সোহাগ।
এসময় সংগঠনের সদস্যবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। স্থানীয় সচেতন মহল এই ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের কার্যক্রম সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য অত্যন্ত সহায়ক ভূমিকা পালন করে।







