সোমবার, ১৮ মে, ২০২৬
জাতীয়আন্তর্জাতিকরাজনীতিখেলাধুলাবিনোদনঅর্থনীতিশিক্ষাস্বাস্থ্যসারাদেশ ফিচার সম্পাদকীয় অন্যান্য

প্রকাশ : ১৮ মে ২০২৬, ১৪:৩৮

ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান

পচা ডিমে খাদ্য উৎপাদন, লাইসেন্স ছাড়াই চিকিৎসাসেবা— ২ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

আব্দুল্লাহ আল মামুন।।
পচা ডিমে খাদ্য উৎপাদন, লাইসেন্স ছাড়াই চিকিৎসাসেবা— ২ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা

সোমবার (১৮ মে ২০২৬) চাঁদপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে চাঁদপুর শহরের পুরাণ বাজার এলাকায় পরিচালিত অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে দু প্রতিষ্ঠানকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার পরিচালিত এ অভিযানে খাদ্য নিরাপত্তা ও জনস্বাস্থ্য সুরক্ষায় কঠোর অবস্থানের বার্তা দেয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযান পরিচালনাকালে দেখা যায়, 'আলম ফুড প্রডাক্টস' নামের একটি প্রতিষ্ঠান নষ্ট ও পচা ডিম ব্যবহার করে খাদ্যপণ্য তৈরি করছে। এছাড়াও প্রতিষ্ঠানটির উৎপাদন পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ ও তারিখবিহীন বিভিন্ন খাদ্যদ্রব্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বিপুল পরিমাণ নষ্ট ও পচা ডিম জব্দ করে ধ্বংস করা হয়।

অন্যদিকে, 'মেসার্স মিতা মেডিকেল হল' নামের একটি ফার্মেসিতে ড্রাগ লাইসেন্স নবায়ন ছাড়াই ব্যবসা পরিচালনা এবং নিজেই বিভিন্ন অ্যান্টিবায়োটিক ওষুধ প্রেসক্রাইব করার অভিযোগ প্রমাণিত হয়। এ অপরাধে প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী রণজিৎ দেবনাথকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান এ জরিমানার আদেশ দেন। অভিযুক্ত প্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ স্বেচ্ছায় পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করে।

অভিযানের সময় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়। পাশাপাশি অন্যান্য দোকান ও প্রতিষ্ঠানেও নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়। এ অভিযানে চাঁদপুর জেলা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে বাজার মনিটরিং ও এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়