প্রকাশ : ১৩ মে ২০২৬, ১৩:৪১
বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রম বিষয়ে জেলা তথ্য অফিসের প্রেস ব্রিফিং

বুধবার (১৩ মে ২০২৬) সকাল ১১টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিসের আয়োজনে প্রেস ব্রিফিং হয়েছে। এটা হচ্ছে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে জেলা তথ্য অফিস চাঁদপুরের জনসচেতনতামূলক উদ্যোগের অংশ। ১৭ ফেব্রুয়ারি থেকে ১২ মে ২০২৬ পর্যন্ত ২ মাস ২৫ দিনে সরকারের
|আরো খবর
ফ্যামিলি কার্ড, খাল খনন, বৃক্ষরোপণ, নারীর জন্যে গাড়ি, কৃষক কার্ড ও কৃষি ঋণ মওকুফের ইতিবাচক প্রভাব নিয়ে এ প্রেস ব্রিফিংয়ে নাতিদীর্ঘ বিবরণ তুলে ধরা হয়।
চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের সভাপতিত্বে এ বিবরণ লিখিতভাবে তুলে ধরেন জেলা তথ্য অফিসার তপন বেপারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) নাজমুন নাহার।
প্রেস ব্রিফিংয়ের ওপর মতামত ব্যক্ত করে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ। প্রশ্নোত্তর পর্বে অংশ নেন সাবেক সভাপতি কাজী শাহাদাত, বিএম হান্নান, শরীফ চৌধুরী, রহিম বাদশা, সাবেক সেক্রেটারী আল ইমরান শোভন ও কাদের পলাশ, সময় টিভির স্টাফ রিপোর্টার ফারুক আহাম্মদ, প্রথম আলোর চাঁদপুর জেলা প্রতিনিধি আলম পলাশ প্রমুখ।
প্রেস ব্রিফিংয়ে পঠিত লিখিত বক্তব্যে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬-এর মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সরকার গঠন করে। ১৭ ফেবুয়ারি, ২০২৬ মহান জাতীয় সংসদে ‘করবো কাজ গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ ভাবনায় শপথের মাধ্যমে বর্তমান সরকারের যাত্রা শুরু হয়। নতুন সরকার গঠনের ২১ দিনের মাথায় ১০ মার্চ কড়াইল বস্তির পারভিন বেগমকে ফ্যামিলি কার্ড বিতরণের মধ্য দিয়ে সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন কাজ শুরু হয়। এরই ধারাবাহিকতায়, ‘ সবার আগে বাংলাদেশ’ ভাবনায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের গণযোগাযোগ অধিদপ্তর বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে প্রচার কার্যক্রমের আওতায় বিভিন্ন কর্মসূচি প্রণয়ন করে এবং গৃহীত প্রচার কার্যক্রম বাস্তবায়ন করছে। গণযোগাযোগ অধিদপ্তর কর্তৃক ইশতেহারে বর্ণিত প্রতিশ্রুতি বাস্তবায়নের কর্মকৌশল হিসেবে রাষ্ট্র ব্যবস্থার সংস্কার, গণতন্ত্র, জাতি গঠন বিষয়ে চলচ্চিত্র/প্রামাণ্যচিত্র/ডকুমেন্টারি/টিভিসি প্রদর্শন, জেলা ও ইউনিয়ন পর্যায়ে ‘গণতন্ত্র সংলাপ, ইশতেহার আলাপ', ১০ মিনিট ব্রিফ প্রচার কার্যক্রম বাস্তবায়ন করছে। সহিংসতা ও দুনীতি প্রতিরোধ বিষয়ে কমিউনিটি সভা, উঠান বৈঠক/উন্মুক্ত বৈঠক, পিভিসি/ তথ্য বোর্ড প্রদর্শন, টি স্টল মিটিং ও সড়ক প্রচার কার্যক্রম বাস্তবায়ন করছে। উল্লেখিত কার্যক্রমের মাধ্যমে সারাদেশের বিপুল জনগোষ্ঠী গণতন্ত্র ও দুর্নীতি প্রতিরোধে সচেতন ও উদ্ধুদ্ধ হবে। ফলে একটি জবাবদিহিমূলক, দায়বদ্ধ ও মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সহজ হবে।বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন ও টেকসই রাষ্ট্রীয় সক্ষমতা অর্জন-দারিদ্র্য নিরসন ও সামাজিক সুরক্ষা বিষয়ে ডকুমেন্টারি প্রদর্শন, লিফলেট ও পুস্তিকা বিতরণ, ফ্যামিলি কার্ড বিষয়ে উঠান বৈঠক, কুইজ প্রতিযোগিতা, ইনফোগ্রাফিক প্রচার, ফ্যামিলি সমাবেশ, কৃষক সমাবেশ আয়োজন, ‘ফ্যামিলি কার্ড- নারীর সুরক্ষা’ সংক্রান্ত নারী সমাবেশ ও অবহিতকরণ সভা সংক্রান্ত প্রচার কাজ বাস্তবায়ন করছে। নারীর ক্ষমতায়ন বিষয়ে নারীদের জন্যে অনলাইন ক্যাম্পেইন, নিরাপত্তা ও আইনভিত্তিক ডকুমেন্টারি প্রদর্শন, পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারের আওতায় বিল-ঝিল পুনরুদ্ধার, খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ কর্মসূচি বিষয়ে ‘সবুজের অভিযান’ শীর্ষক আলোচনা সভা, বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে ডকুমেন্টারি প্রদর্শন, খাল পুনঃখনন বিষয়ে উদ্ধুদ্ধকরণ কমিউনিটি সভা বাস্তবায়ন করছে। গণযোগাযোগ অধিদপ্তর ও জেলা তথ্য অফিসের এসব কার্যক্রমের মাধ্যমে তৃণমূল পর্যায়ের জনগোষ্ঠী পরিবেশ রক্ষায় সচেতন হবে। যা পরিবেশের সুরক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে ভূমিকা রাখবে। ধর্ম, সমাজ, ক্রীড়া, সংস্কৃতি ও সম্প্রীতি সুদৃঢ়করণে ধর্মীয় সম্প্রীতি ও নৈতিকতার শক্তি পুনরুদ্ধার বিষয়ে মসজিদ-মন্দির-প্যাগোডা-গির্জা ভিত্তিক কমিউনিটি সভা, স্কুল-কলেজে নৈতিকতা উন্নয়ন বিষয়ে সভা, পাহাড় ও সমতলের অধিবাসীদের নিয়ে সংলাপ, শিল্প ও সংস্কৃতি রক্ষা ও সাংস্কৃতিক আগ্রাসন রোধে সচেতনতামূলক প্রামাণ্যচিত্র 'আমার সংস্কৃতি, আমার পরিচয়’ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্যাম্পেইন, দেশীয় ঐতিহ্যভিত্তিক গান রচনা ও সংগীতানুষ্ঠানের আয়োজন করছে। এসব কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে শিশুকাল থেকেই মানুষ নৈতিকতা চর্চায় উদ্বু্দ্ধ হবে। পাহাড় ও সমতলের নৃ-গোষ্ঠী সম্প্রীতির মেলবন্ধনে আবদ্ধ হবে। ফলে ধর্মীয় সম্প্রীতি নিশ্চিত হবে, নৈতিকতায় চর্চা বৃদ্ধি পাবে, সকল জাতিগোষ্ঠীর নাগরিক অধিকার ও নিরাপত্তা নিশ্চিত হবে। মানুষ সংস্কৃতির মাধ্যমে স্বাধীন চিন্তাধারা ও মতাদর্শ বিকাশে অবদান রাখবে।
নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের লক্ষ্যে গণযোগাযোগ অধিদপ্তর প্রতি বছর ৮১৬০ টি কমিউনিটি সভা/উঠান বৈঠক/ উন্মুক্ত বৈঠক, ৮১৬০ টি তথ্যচিত্র/চলচ্চিত্র/ডকুমেন্টারি প্রদর্শন, ২৪৪৮ টি নারী সমাবেশ/ফ্যামিলি সমাবেশ/অবহিতকরণ সভা, ২৭২ টি প্রেস ব্রিফিং, ১৬৩২টি সংগীতানুষ্ঠান আয়োজন করবে। এছাড়াও নিয়মিত প্রচার কার্যক্রমের আওতায় সড়ক প্রচার, টি স্টল মিটিং, গণতন্ত্র সংলাপ, ইশতেহার আলাপ, ১০ মিনিট ব্রিফ, কুইজ প্রতিযোগিতা, ইনফোগ্রাফিক প্রচার, বিলবোর্ডের মাধ্যমে প্রচার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করবে।
নির্দেশনা অনুযায়ী প্রতি অর্থবছরে জেলা তথ্য অফিস চাঁদপুর কর্তৃক ১২০টি কমিউনিটি সভা, উঠান বৈঠক বা উন্মুক্ত বৈঠক, ১২০টি চলচ্চিত্র প্রদর্শনী তথ্যচিত্র, প্রামান্যচিত্র প্রদর্শন, ২৪ টি আলোচনা সভা, ৩৬ টি নারী সমাবেশ/ ফ্যামিলি সমাবেশ/ কৃষক সমাবেশ, ২৪ টি সঙ্গীতানুষ্ঠান, ন্যূনতম ১৮০টি সড়ক প্রচার আয়োজনের নির্দেশনা রয়েছে।
গণযোগাযোগ অধিদপ্তরের ৬৮টি তথ্য অফিস গত ০৩ মাসে ১৭ ফেব্রুয়ারি থেকে ১১ মে পর্যন্ত ১০২১টি কমিউনিটি সভা/উঠান বৈঠক ও ৩২৪৮ ইউনিট সড়ক প্রচার, ১১০৬০টি চলচ্চিত্র/প্রামাণ্যচিত্র প্রদর্শন, ২০২টি নারী সমাবেশ, ২৩১৬টি অনলাইন প্রচার, ১৪টি কৃষক সমাবেশ, ২২টি ফ্যামিলি সমাবেশ, ৩৪0 টি মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকারমূলক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানের লাইভ সম্প্রচার, ১৪ টি নৈতিকতা উন্নয়ন বিষয়ক সভা ও কুইজ প্রতিযোগিতা বাস্তবায়ন করেছে।
জেলা তথ্য অফিস, চাঁদপুর কর্তৃক গত ১৭ ফেব্রুয়ারি থেকে ১২ মে পর্যন্ত ৫টি কমিউনিটি সভা, ৮টি উঠান বৈঠক ও ৪৫ টি সড়ক প্রচার, ২৮টি স্পটে ১৫০টি চলচ্চিত্র/প্রামাণ্যচিত্র প্রদর্শন, ০১টি নারী সমাবেশ, ৬০টি অনলাইন প্রচার, ০৫ টি মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত অগ্রাধিকারমূলক কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানের লাইভ সম্প্রচার বাস্তবায়ন করা হয়েছে। এছাড়াও জেলা তথ্য অফিস চাঁদপুর কর্তৃক ০২টি করে টি স্টল মিটিং, গণতন্ত্র সংলাপ, ইশতেহার আলাপ, ১০ মিনিট ব্রিফ করা হয়েছে ও চলমান রয়েছে।
নির্বচনী ইশতেহার সফলভাবে বাস্তবায়ন করতে হলে তৃণমূল জনগোষ্ঠীর সচেতনতা ও সম্পৃক্তকরণ অতি জরুরী, এ লক্ষে গণযোগাযোগ অধিদপ্তর ও জেলা তথ্য অফিসসমূহ নিরলসভাবে কাজ করছে। উল্লেখিত প্রচার কার্যক্রমগুলো আরও বেগবান এবং তৃণমূল জনগোষ্ঠীর সচেতনতা ও সম্পৃক্তকরণ বৃদ্ধি করতে প্রচার ও বিজ্ঞাপন খাতে আরও বরাদ্ধ, ভালো মানের গাড়ির সুবিধা, সিনেমা ভ্যান, এলইডি ডিসপ্লে বোর্ড এবং জ্বালানি খাতে পর্যাপ্ত বরাদ্দ থাকা প্রয়োজন বলে মনে করি। ধন্যবাদ।







