প্রকাশ : ১২ এপ্রিল ২০২৬, ২০:১৭
কমরেড শাহজাহান তালুকদারের বিপ্লবী চেতনায় শোষণ মুক্তির সংগ্রামকে বেগবান করুন
-----কমরেড খালেকুজ্জামান

বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে শনিবার (১১ এপ্রিল ২০২৬) সকাল ১১টায় নতুনবাজারস্থ বাসদ কার্যালয়ে কমরেড শাহজাহান তালুকদার স্মৃতি সংসদ ও পাঠাগারের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাসদ চাঁদপুর জেলা শাখার সমন্বয়ক দিপালী রাণীর সভাপতিত্বে ও আব্দুর রহিমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন বাসদের কেন্দ্রীয় উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কমরেড খালেকুজ্জামান, প্রবীণ সাংবাদিক শ্যামাপদ ঘোষ বুলু ও বীর মুক্তিযোদ্ধা কমরেড আলমগীর হোসেন দুলাল। কমরেড শাহজাহান তালুকদার স্মৃতি সংসদ উদ্বোধন করেন কমরেড শাহজাহান তালুকদারের মাতা জোহরা বেগম।
কমরেড খালেকুজ্জামান বলেন, কমরেড শাহজাহান তালুকদার আমৃত্যু বিপ্লবী ছিলেন। তিনি মৃত্যুর আগে বাসদ চাঁদপুর জেলার সমন্বয়ক ছিলেন। চাঁদপুরের ডব্লিউ রহমান ও স্টার আল-কায়েদ জুট মিল চালুর দাবিতে আন্দোলন, নদী ভাঙ্গন প্রতিরোধ আন্দোলন, স্থানীয় আন্দোলনসহ শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের সংগ্রামে সর্বদা নিয়োজিত ছিলেন। তিনি বিশ্বাস করতেন পুঁজিবাদী আর্থ-সামাজিক ব্যবস্থার মধ্যে শোষিত মেহনতি মানুষের মুক্তি সম্ভব নয়। ফলে এই পুঁজিবাদী শোষণমূলক ব্যবস্থার বিরুদ্ধে লড়াই করে শোষণহীন সমাজব্যবস্থা সমাজতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম তিনি আজীবন করে গেছেন।
কমরেড খালেকুজ্জামান আরো বলেন, গত ৫৪ বছর ধরে দেশে পুঁজিবাদী শাসন চলেছে। ফলে শ্রমিক কৃষকসহ সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটেনি। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার মুক্তিযুদ্ধের এই অঙ্গীকার ও ’২৪-এর বৈষম্যহীন ব্যবস্থার আকাঙ্ক্ষা শাসক গোষ্ঠী ভুলুণ্ঠিত করেছে। ’৭১-এ শোষণমুক্ত সমাজব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি বলে ’২৪-এর গণঅভ্যুত্থান সংঘটিত হয়েছে। অর্থাৎ যতদিন শোষণহীন সমাজতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত না হবে, ততদিন বারে বারে অভ্যুত্থান সংঘটিত হবে। তিনি অন্তর্বর্তী সরকারের সময় আমেরিকার সাথে অসম দাসত্বের বাণিজ্য চুক্তি বাতিল করার জন্যে বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান।-প্রেস বিজ্ঞপ্তি।
বক্তব্য শেষে কমরেড খালেকুজ্জামান অ্যাড. মাসুদ রানাকে আহ্বায়ক ও মতিউর রহমানকে সদস্য সচিব করে ১৫ সদস্যবিশিষ্ট কমরেড শাহজাহান তালুকদার স্মৃতি সংসদ ও পাঠাগারের কমিটি ঘোষণা করেন।








