প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬, ২০:০৪
উত্তর ইচলীতে জুমা মসজিদ উদ্বোধন করলেন গাছতলার পীর খাজা আরিফুর রহমান তাহেরী

চাঁদপুর সদর উপজেলার ৯নং বালিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর ইচলী গ্রামের আহম্মদ গাজী বাড়ি সংলগ্ন একটি জুমা মসজিদ উদ্বোধন করা হয়েছে। মসজিদ-ই ফাতিমাতুজ জাহরা (রা.) নামে এ মসজিদটি শুক্রবার (১০ এপ্রিল ২০২৬) জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়। চাঁদপুরের ঐতিহ্যবাহী গাছতলা দরবার শরীফের গদ্দিনশিন পীর সাহেব আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী জুমার খুতবা এবং নামাজে ইমামতির মাধ্যমে এই জুমা মসজিদ উদ্বোধন করেন। তিনি খুতবার আগে পবিত্র কোরআন এবং হাদীসে মোবারাকার আলোকে জুমার ফজিলত, মর্যাদা এবং গুরুত্ব মুসল্লিদের সামনে তুলে ধরেন। তাঁর
জ্ঞানগর্ভ আলোচনায় মুসল্লিরা মুগ্ধ হন, বিমোহিত হন।
নামাজ শেষে মিলাদ কিয়াম ও দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়। এর আগে অতিথি হিসেবে বক্তব্য রাখেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের কেন্দ্রীয় পরিষদের নির্বাহী সদস্য ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাওলানা এএইচএম আহসান উল্লাহ। মসজিদ কমিটির পক্ষ থেকে বক্তব্য রাখেন কমিটির সভাপতি ওয়ার্ড মেম্বার আব্দুল কাদির গাজী। মিলাদ কিয়াম পরিচালনা করেন আহলে সুন্নাত ওয়াল জামাআতের প্রেসিডিয়াম সদস্য পীরজাদা মাওলানা খাজা জোবায়ের। মুনাজাত পরিচালনা করেন গাছতলা দরবারের পীর সাহেব। মুনাজাত শেষে উপস্থিত মুসল্লিদের মাঝে তবররুক বিতরণ করা হয়।
উল্লেখ্য, পীর মাওলানা খাজা আরিফুর রহমান তাহেরী এলাকায় জুমার নামাজ পড়াবেন এই সংবাদ শুনে শত শত মুসল্লি উত্তর ইচলী গ্রামের এই নতুন মসজিদে জুমার নামাজ আদায় করতে চলে আসেন। মসজিদ ভরপুর হয়ে মসজিদের আঙ্গিনায় খোলা জায়গায় কয়েক শ' মুসল্লি নামাজ আদায় করেন। মসজিদ কমিটি এবং এলাকার মুসল্লিরা গাছতলা দরবার শরীফের কুতুবুল আউলিয়া শাহসুফি খাজা আহমাদ শাহ নকশবন্দী মোজাদ্দেদী (র.)'র সুযোগ্য আওলাদ, দরবার শরীফের বর্তমান গদ্দিনশিন পীর সাহেব খাজা আরিফুর রহমান তাহেরী হুজুরের ইমামাতির মাধ্যমে মসজিদটি উদ্বোধন করতে পেরে খুবই সন্তুষ্ট। তাঁরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন।








